২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি ফারুককে হেফাজতে চায় এনআইএ

জঙ্গি তৎপরতার তথ্য পেতে কলকাতায় আটক জেএমবি সদস্য আনোয়ার হোসেন ফারুককে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) হেফাজতে নিতে চায় বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 04:10 PM

Updated : 20 Aug 2022, 01:55 PM

কলকাতা পুলিশের একটি স্পেশাল টাস্কফোর্স গত মাসে ফারুকসহ ছয়জনকে গ্রেপ্তার করে।

জেএমবির পশ্চিমবঙ্গ শাখার প্রধান ফারুক বাংলাদেশে নিষিদ্ধ একটি গোষ্ঠীর হয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন জঙ্গি সংগঠনের জন্য সদস্য সংগ্রহ করে তাদের প্রশিক্ষণ দিচ্ছেন, এমন ধারণা পাওয়ার পর এনআইএ তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করছে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে শাহাদাত-ই-আল হিকমা নামে ওই সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করে। ভারতীয় মাফিয়া দাউদ ইব্রাহিম প্রথমদিকে শাহাদাত-ই-হিকমাকে অর্থায়ন করতেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

দাউদ ইব্রাহিম বর্তমানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর যোগসাজশে সেখানেই অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

এনআইএর এক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারত ও বাংলাদেশের বেশিরভাগ জঙ্গিকেই দলে ভিড়িয়ে প্রশিক্ষণ দিয়েছে শাহাদাত-ই-আল হিকমা।

২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের তদন্তে সংগঠনটির অস্তিত্ব সম্বন্ধে ধারণা পাওয়া গেলেও গত মাসে ছয় জঙ্গিকে গ্রেপ্তারের আগে এর বিস্তৃত কার্যক্রম সম্পর্কে জানতে পারেনি তদন্ত সংস্থা। ওই তদন্তে পশ্চিমবঙ্গ ও আসামে জেএমবির বিস্তৃত নেটওয়ার্ক খুঁজে পায় তদন্ত সংস্থা।

খাগড়াগড় বিস্ফোরণ মামলার অভিযোগপত্রে ফারুকের নাম না থাকায় এনআইএ কলকাতা পুলিশের অভিযোগপত্রের উপর নির্ভর করছে বলে তদন্ত সংস্থা সূত্রের বরাতে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ওই অভিযোগপত্রের পর তাকে হেফাজতে নেয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে তারা।

বনগাঁ থেকে গ্রেপ্তারের পর ফারুক ও তার সহযোগী ইউসুফ কলকাতা পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, শাহাদাত-ই-আল হিকমা জঙ্গিদলের নতুন সদস্যদের কেবল অস্ত্র প্রশিক্ষণই দেয় না; একইসঙ্গে অর্থ ও নানা সাহায্য করে থাকে।

২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশ হত্যা করে জেএমবির শুরা সদস্য রাকিবুল হাসান ও সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) এবং বোমা বিশেষজ্ঞ মিজানকে (৩৫) ছিনিয়ে নেওয়া হয়।

জেএমবি নেতা ফারুক ওই হামলার পরিকল্পনাকারী ছিল বলে দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। তার জন্য বাংলাদেশ পুলিশের পাঁচ লাখ টাকা পুরস্কারের ঘোষণাও আছে।

টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, ত্রিশাল হামলার পর ফারুক শাহাদত-ই-আল হিকমার সাহায্যে মুর্শিদাবাদের সীমান্ত পাড়ি দিয়ে বীরভূমের নানুর এলাকায় আসেন। তারপর থেকে সেখানেই ‘এনাম’ নাম নিয়ে বসবাস করছিলেন।

প্রিজন ভ্যান থেকে পালানো জঙ্গি মিজান ও সালেহিনকে শাহাদত-ই-আল হিকমার সদস্য লেকু পালিয়ে যেতে সাহায্য করেন বলেও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়।

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দাউদ ইব্রাহিমের অর্থায়নে ২০০৩ সালের ফেব্রুয়ারি রাজশাহীতে কাউসার আহমেদ সিদ্দিকী শাহাদত-ই-আল হিকমা প্রতিষ্ঠা করেন। কয়েক মাস পর সংগঠনটিকে নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার।

খাগড়াগড়ে বিস্ফোরণের কয়েক মাস আগে ২০১৪ সালে জাকির খন্দকার নামে এক ব্যক্তির হাতে পুনর্জন্ম হয় জঙ্গি সংগঠনটির।

খাগড়াগড় বিস্ফোরণের পর জাকির খন্দকার সংগঠনের বর্তমান সদরদপ্তর বান্দরবানে নিয়ে যান। তখন থেকেই সংগঠনটি অন্যান্য জঙ্গি সংগঠনকে ‘ব্যাক রুম সাপোর্ট’ দিয়ে আসছে বলে ভারতীয় গোয়েন্দাদের প্রতিবেদনে উঠে এসেছে।

কলকাতা পুলিশের জিজ্ঞাসাবাদে ফারুক সংগঠনটির দুটি বৈঠকে উপস্থিত থাকার কথা স্বীকার করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

“নতুন জঙ্গিদের জন্য সংগঠনটি এক মাসের ক্র্যাশ প্রোগ্রাম নেয় বলে ফারুক জানিয়েছে। এই প্রশিক্ষণ হয় চট্টগ্রাম ও কক্সবাজারে,” বলেন এক তদন্ত কর্মকর্তা।

ফারুক নিজেও চট্টগ্রামে শাহাদাত-ই-আল হিকমার প্রশিক্ষণ নেওয়ার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

পুরনো খবর:

পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ফারুক ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ‘হোতা’
‘গুলশানের কায়দায় ভারতে হামলার ছক কষছিল গ্রেপ্তার জঙ্গিরা’
ভারতে ছয় ‘জেএমবি’ গ্রেপ্তার