ঢাকা সিটির সাবেক ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার
রাজধানীর পরিবাগ থেকে ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও ছাত্রদল নেতা শামীম পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরপুর থানা থেকে বুধবার রাতে ফোন করে গ্রেপ্তারের খবর দেওয়া হয় বলে তার স্ত্রী জান্নাত আরা ফেরদৌস জানান।
জান্নাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত আড়াইটার দিকে উনার (শামীম) নম্বর থেকে ফোন করে মিরপুর পুলিশ আমাকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার ওসি ভুইয়া মাহবুব হোসেন বলেন, “শামীমের বিরুদ্ধে মিরপুর থানায় নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে। এ কারনেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
শামীম পারভেজ ছিলেন মিরপুরে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মিরপুর বাংলা কলেজের সাবেক ভিপি শামীম ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন।
