প্রাইম মুভার-ট্রেইলর মালিক-শ্রমিকদের কর্মসূচি প্রত্যাহার
সরকারের সঙ্গে বৈঠকের পর আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে প্রাইম মুভার মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
সংগঠনের সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “সাত দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আজ মিটিংয়ে সড়ক পরিবহন মন্ত্রী, নৌমন্ত্রী, চট্টগ্রামের মেয়র, বিজিএমইএর সভাপতি- উনারা এই সাত দফার সমাধান করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। সেজন্য ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে নিলাম।”
নির্ধারিত পরিমাণের অতিরিক্ত ওজন বহনে জরিমানার নিয়ম বাতিলসহ সাত দফা দাবিতে গত ২৬ সেপ্টেম্বর প্রাইম মুভার-ট্রেইলার মালিক-শ্রমিকরা ধর্মঘটে যায়।
তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সব ধরনের যান চলাচল বন্ধের ঘোষণা দেয়।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস পেয়ে গত ৩০ সেপ্টেম্বর ধর্মঘট স্থগিত করে প্রাইম মুভার মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এরপর বৃহস্পতিবার সচিবালয়ের সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিনসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেন প্রাইম মুভার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। বৈঠক শেষে তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা আসে।
মহাসড়কে পণ্যবাহী গাড়ির অতিরিক্ত চাপ কমাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১৬ অগাস্ট গাড়ি ভেদে পণ্য পরিবহনের ওজন নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। তাতে ১৪ চাকার প্রাইম মুভারকে সর্বোচ্চ ৩৩ টন পর্যন্ত মালামাল বহনের সীমা বেঁধে দেওয়া হয়।
প্রাইম মুভার-ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের অভিযোগ, আকস্মিক এই সিদ্ধান্তের কারণে দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুতে তাদের যান আটকে জরিমানা করা হচ্ছিল। সেখানে তাদের মারধরও করা হয়।
তারা বলছেন, কন্টেইনারের ওজনের বিষয়ে তাদের কিছু করার না থাকলেও প্রাইম মুভারে ৩৩ টনের পর প্রতি টনের জন্য তাদের দুই হাজার টাকা করে জরিমানা গুণতে হচ্ছে।
