২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমামবাড়ায় হামলা: অভিযোগপত্রের অনুমোদন মেলেনি আড়াই মাসে

বছর পেরিয়ে গেলেও পুরান ঢাকার হোসেনী দালানে বোমা বিস্ফোরণ মামলার অভিযোগপত্র এখনও আদালতে জমা হয়নি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2016, 05:03 PM

Updated : 11 Oct 2022, 08:52 PM

গত ২১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের আবেদন করেন। এখনও অভিযোগপত্রটি মন্ত্রণালয়ের আইন শাখায় পড়ে রয়েছে।

পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রাকিবুল আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে হলে আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। এটি এখনও আদালতে দাখিল হয়নি।

কেন জমা পড়ছে না তার কোনো কারণও তিনি জানাতে পারেননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাও এ বিষয়ে কোনো কথা বলেননি।  

এ মামলার তদন্ত করেছেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ শফিউদ্দিন। নিষিদ্ধ সংগঠন জেএমবির ১০ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করার কথা জানিয়েছেন তিনি । 

গত রোজার ঈদের আগে অনুমোদন পাওয়া যাবে বলে আশা করলেও আড়াই মাস পরও তা হয়নি।

অনুমোদন পেতে বিলম্বের কারণ জানতে চাইলে পরিদর্শক শফিউদ্দিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মাঝে মধ্যে বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের আইন শাখায় যোগাযোগ করি। আগামীকাল আবার যাব। ওই শাখায় লোকবল কম, আর বিষয়টি স্পর্শকাতর। সে কারণে দেরি হতে পারে।”

গত বছর ২৩ অক্টোবর রাতে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসেনী দালানে বোমা হামলা হয়। হামলায় সাজ্জাদ হোসেন সানজু নামে এক কিশোর নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক, পরে মারা যান আরও একজন।

ওই ঘটনায় চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। প্রথমে মামলাটি চকবাজার থানা তদন্ত করলেও পরে তদন্তের দায়িত্ব নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার কার্যক্রম ঢিমেতালে চলার মধ্যেই ১০ আসামির চারজন জামিন পেয়ে গেছেন বলে সংশ্লিষ্ট আদালতের পুলিশ এসআই পরেশ চন্দ্র জানিয়েছেন।

এই চারজন হলেন- ওমর ফারুক মানিক (লেংগুড়া মধ্য পাড়া, কলমাকান্দা নেত্রকোণা), হাফেজ আহসান উল্লাহ মাসুদ (কলমাকান্দা, নেত্রকোণা), শাহজালাল মিয়া (বড়ইতলী, কালিয়াকৈর, গাজীপুর) এবং চান মিয়া (ডিমলা পদুম শহর কুমার গাড়ি, সাঘাটা গাইবন্ধা)।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মামলার অন্য আসামিরা হলেন- কবির হোসেন ওরফে রাশেদ ওরফে আশিক (কচুয়া দক্ষিণপাড়া, সাঘাটা, গাইবান্ধা), মাসুদ রানা মাসুদওরফে সুমন (কেশরতা আদমদীঘি, বগুড়া), রুবেল ইসলাম ওরফে সজীব, আবু সাঈদ রাসেল ওরফে সোলায়মান ওরফে সালমান ওরফে সায়মন (ঘাসিপাড়া, ডাবগাছ মসজিদ, কোতোয়ালি দিনাজপুর), মো. আরমান ওরফে মনির (পশ্চিম ইব্রাহিমনগর বালুরমাঠ, কামরাঙ্গীরচর), জাহিদ হাসান ওরফে রানা ওরফে মুসায়াব (পূর্ব রসুলপুর, কামরাঙ্গীরচর) ও রুবেল ইসলাম ওরফে সজীব ওরফে সুমন (দিনাজপুর)।

এদের মধ্যে আরমান, জাহিদ হাসান, কবির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার নথিতে বলা হয়, গত জানুয়ারিতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত আবদুল্লাহ বাকি ওরফে নোমান ছিলেন হোসেনী দালান হামলার মূল পরিকল্পনাকারী। হামলার আগে ১০ অক্টোবর তারা বৈঠক করে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেন।

বোমা হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, আরমান ও কবির হোসেন। কবির ও জাহিদ ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন সময়ে গণমাধ‌্যমকে জানিয়েছিলেন।  

হামলার পর আশ্রয় নিতে কামরাঙ্গীরচরে বাসা ভাড়া করেন আরমান ও রুবেল ইসলাম। আরমান হোসেনী দালানে উপস্থিত থেকে পরপর পাঁচটি বোমা নিক্ষেপ করেন।

বাকি পাঁচজন চান মিয়া, ওমর ফারুক, আহসানউল্লাহ, শাহজালাল ও আবু সাঈদ হামলার চিত্র ভিডিও করা ছাড়াও হামলায় উদ্বুদ্ধ ও সহায়তা করেন বলে পুলিশের তথ‌্য।  

আসামি মাসুদ রানারও হামলায় অংশ নেওয়ার কথা ছিল। আগের দিন ঢাকার বাইরে থেকে কামরাঙ্গীরচরে যাওয়ার পথে গাবতলীতে পুলিশের তল্লাশি চৌকিতে তারা এএসআই ইব্রাহীম মোল্লাকে হত্যা করেন এবং ঘটনাস্থল থেকে মাসুদ রানা গ্রেপ্তার হন।