২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ঘরের ভেতর শিক্ষকের হাত-মুখ বাঁধা লাশ

ঢাকার বনানীতে ওল্ড ডিওএসইচএসে ঘরের মধ‌্যে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের হাত-মুখ বাঁধা লাশ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 05:43 PM

Updated : 20 Aug 2022, 01:54 PM

আলী হোসেন মালিক (৬৮) নামে ওই শিক্ষকের দেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওল্ড ডিওএইচএসের ২ নম্বর রোডের ৫৩/এ নম্বর বাড়ি থেকে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে ভাষানটেক থানার এসআই আসিফ ইকবাল জানিয়েছেন।

ওই বাড়িটি আলী হোসেনের নয়। বাড়ির মালিক মো. বাবলুর ছেলে মালয়েশিয়ায় যাওয়ায় খালি বাসায় আলী হোসেনকে থাকতে বলেছিলেন বলে জানান পুলিশ কর্মকর্তা আসিফ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়। শরীরে ছিল ছুরির আঘাতের চিহ্ন।”

আলী হোসেন সর্বশেষ রাজধানীর সোহরাওয়ার্দী কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। এর আগে বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছিলেন তিনি।

এসআই আসিফ জানান, স্ত্রী ও এক ছেলেকে নিয়ে মিরপুর-১০ নম্বরের একটি বাসায় থাকতেন আলী হোসেন। চার দিন আগে মো. বাবলুর ছেলে মালয়েশিয়ায় গেলে তার বাড়ি দেখাশোনার ভার ওই শিক্ষককে দিয়ে যান।

এই ঘটনায় বিকাল পর্যন্ত থানা কোনো মামলা হয়নি।

“মামলা করবে কি না, পরিবার সে সিদ্ধান্ত নিচ্ছে,” বলেন এসআই আসিফ।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।