ভাগ্নি টিউলিপকে অভিনন্দন শেখ হাসিনার
যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া সরকারে নতুন দায়িত্ব পাওয়ায় ভাগ্নি টিউলিপ সিদ্দিককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছায়া সরকারে ‘শ্যাডো এডুকেশন’ দলে ডাক পেয়েছেন লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকার এমপি টিউলিপ; সেখানে ছায়া শিক্ষামন্ত্রী এঞ্জেলা রেইনার অধীনে আরও তিনজনের সঙ্গে দায়িত্ব পালন করবেন তিনি।
‘শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন’ হিসেবে কাজ করবেন শিশু কল্যাণ ও প্রাক-প্রাথমিক শিক্ষা নিয়ে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী টিউলিপ এর আগে করবিনের প্রথম ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিব (পিপিএস) ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী টিউলিপকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার সাফল্য কামনাও করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় টিউলিপ বলেন, “এঞ্জেলা রেইনার নেতৃত্বাধীন চমৎকার একটি দলের সঙ্গে যোগদান করছি; সামনের সারি থেকে সরকারকে জবাবদিহিতার মুখোমুখি করার সুযোগ পাব বলে আমি আনন্দিত।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ যুক্তরাজ্য পার্লামেন্টের নারী ও সমতা বিষয়ক সিলেক্ট কমিটিরও সদস্য। গতবছর মে মাসে পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ার আগে তিনি রিজেন্ট পার্ক এলাকার কাউন্সিলর ছিলেন।
নেতৃত্ব নির্বাচনে নতুন করে ভোটের পর লেবার পার্টির শীর্ষ নেতা জেরোমি করবিন তার ছায়া মন্ত্রিসভা ঢেলে সাজিয়েছেন; যেখানে টিউলিপকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
