বিসর্জনের শেষ পর্যন্ত সতর্ক থাকবে পুলিশ: আইজিপি
শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
সোমবার নবমীর দিন রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা পরিদর্শন শেষে এবারের পূজোয় এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “তবু যার শেষ ভালো, তার সব ভালো।
“প্রতিমা বিসর্জনের শেষ পর্যন্ত যাতে কোনো চক্র কোনো কিছু করতে না পারে সেজন্য আমরা সতর্ক আছি। দুষ্কৃতিকারীরা কিছূ করতে পারবে না, করতে সাহস পাবে না।”
গুলশান-শোলাকিয়ায় জঙ্গি হামলার তিন মাসের মধ্যে হতে যাওয়া এবারের দুর্গোৎসব নির্বিঘ্ন হবে কিনা এই আশঙ্কার মধ্যে সারা দেশে প্রায় ৩০ হাজার পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ফাইল ছবি
নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করার আহ্বান জানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে শহীদুল হক বলেন, “আপনাদের ধর্মকর্ম পালনের মৌলিক ও সাংবিধানিক যে অধিকার আছে- তা নিশ্চিত করার জন্য আমরা পুলিশ বাহিনী সবসময় ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব।”
এ সময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু এবং মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জিসহ অন্যরা বক্তব্য দেন।
