২৩৬৭ গেরিলার স্বীকৃতি: হাই কোর্টের রায় স্থগিত
একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া ২ হাজার ৩৬৭ জন গেরিলার ‘মুক্তিযোদ্ধা স্বীকৃতি’ নিয়ে হাই কোর্টের দেওয়া রায় চেম্বার আদালতে স্থগিত হয়ে গেছে।
রাষ্ট্রপক্ষের এক আবেদনে সাড়া দিয়ে রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি ৩০ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।
ওই সময় পর্যন্ত হাই কোর্টের রায় চেম্বার আদালত স্থগিত করেছে বলে গেরিলা মুক্তিযোদ্ধাদের আইনজীবী সুব্রত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
২ হাজার ৩৬৭ জন গেরিলা মুক্তিযোদ্ধার তালিকা সম্বলিত গেজেট বাতিলে সরকারের জারি করা প্রজ্ঞাপন গত ৮ সেপ্টেম্বর অবৈধ ঘোষণা করে রায় দেয় বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ।
ওই রায় স্থগিতের আবেদন নিয়েই চেম্বার আদালতে আসে রাষ্ট্রপক্ষ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর দ্বিতীয় ব্যাচের কমান্ডার (মাঝখানে) মনজুরুল আহসান খান। পারিবারিক অ্যালবামের ছবি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২০১৩ সালের ২২ জুলাই ওই গেরিলা বাহিনীর ২৩৬৭ জনের নাম মুক্তিযোদ্ধার তালিকায় যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে।
কিন্তু পরের ব্ছর ২৯ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওই গেজেট বাতিল করে। সেখানে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভার সুপারিশ অনুসারে ‘ক্রুটিপূর্ণ’ গেজেটটি বাতিল করা হল।
গেজেট বাতিলের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৪ সালের ডিসেম্বরে হাই কোর্টে রিট আবেদন করেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।
গত বছর ১৯ জানুয়ারি ওই আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ গেজেট বাতিলের প্রজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে।
সেই সঙ্গে রুল জারি করে জানতে চাওয়া হয়- ওই প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রজ্ঞাপনে স্বাক্ষরকারী উপসচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকের কাছে এর জবাব চাওয়া হয়।
রুলের ওপর শুনানি করে ৮ সেপ্টেম্বর হাই কোর্ট গেজেট বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে।
সেদিন রায়ের পর সুব্রত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, হাই কোর্ট গেরিলা বাহিনীর ২৩৬৭ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা দেওয়ারও নির্দেশ দিয়েছে।
