মেডিকেলের প্রশ্ন ফাঁসের কথা বলে ‘অর্থ হাতানোয়’ গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
মেডিকেলসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব তৈরি ও সেসব প্রশ্ন দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন করে হেফাজতে পেয়েছে পুলিশ।
ঢাকার মুখ্য মহানগর হাকিম সাজ্জাদুর রহমান পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি করে শনিবার হেফাজতে নেওয়ার এ আদেশ দেন।
রিমান্ড পাওয়া প্রতারক চক্রের তিনজন হলেন, আশরাফ উদ্দিন সৈকত (২০), ওমর ফারুক (১৯) ও ইফাত আহমেদ অরণ্য (১৯)।
মেডিকেল ভর্তি পরীক্ষার পর রাজধানীর শাহবাগ থানার পাবলিক লাইব্রেরির সামনে থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এই চক্রের সদস্যরা মেডিকেলসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও নিয়োগ পরীক্ষার পাশাপাশি এসএসসি এইচএসসির মতো পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র আগাম দেওয়ার নামে মোবাইল নম্বর দিয়ে ফেইসবুকে বিজ্ঞাপন দিত বলে ডিএমপি নিউজে বলা হয়।
গ্রেপ্তারের পর এবিষয়ে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলাও করে পুলিশ।
গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. নিয়ামুল সাতদিনের রিমান্ড চান বলে জানান আদালত পুলিশের এসআই মাহমুদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুনানি শেষে বিচারক প্রত্যেককে একদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
