গাজীপুরে নিহতদের মধ্যে শীর্ষ জঙ্গি আকাশ: স্বরাষ্ট্রমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে সন্দেহভাজন যে সাত জঙ্গি নিহত হয়েছেন তাদের মধ্যে ‘নব্য জেএমবির’ বর্তমানের শীর্ষ নেতা ‘আকাশ’ রয়েছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে সিটি করপোরেশনের নোয়াগাঁও আফারখোলা পাতারটেক এলাকার একটি বাড়িতে এ অভিযান শুরু হয়। জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে পুলিশের এক কর্মকর্তা আহত হন বলে মন্ত্রী জানিয়েছেন।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের সঙ্গে সোয়াট ও গাজীপুর পুলিশ অভিযানে অংশ নেয়। অভিযানে চলাকালে বিকাল ৪টার দিকে ঘটনাস্থলে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা নিশ্চিত তামিম চৌধুরীর পরে যে জঙ্গিদের নেতৃত্ব দিত, তার ছদ্মনাম হোক আর টাইটেল নাম হোক, তার নাম আকাশ। সে এখানে নিহত হয়েছে। নিহত এই সাতজনের মধ্যে সে একজন।”
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হওয়ার পর কানাডা প্রবাসী তামিম আহমেদ চোধুরীর নাম আলোচনায় আসে।
তার পরিকল্পনায় ‘নব্য জেএমবির’ সদস্যরা হালি আর্টিজানে হামলা চালায় বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়। পরে ২৭ অগাস্ট নারায়ণগঞ্জের একটি বাড়িতে পুলিশের অভিযানে নিহত হন তামিম।
আফারখোলা পাতারটেক এলাকার এই বাড়িতে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট
এখন গোষ্ঠীটির নেতা হিসেবে ‘আকাশ’র নাম বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অভিযান শুরুর আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “নিউ জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশ অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।”
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সব সময় বলে আসছি আমরা শতভাগ জঙ্গি নির্মূল করতে পারিনি। ২/৪ জন হয়ত এদিক সেদিক রয়ে গেছে। যারা এদিক সেদিক ছিল তারাও কিন্তু সংঘবদ্ধ হওয়ার একটা প্রচেষ্টা নিচ্ছিল এই আকাশের নেতৃত্বে। এটা আমাদের ধারণা ছিল।”
মন্ত্রী নিহতদের মধ্যে একজনের এই পরিচয় দিলেও বাকিদের সম্পর্কে এখনও জানা যায়নি। তাদের বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানান ছানোয়ার হোসেন।
অভিযান নিয়ে আসাদুজ্জামান কামাল বলেন, পুলিশ জঙ্গিদের আত্মসমর্পণের অনুরোধ করলে তারা উল্টো গুলিবর্ষণ করে।
“শুধু গুলিবর্ষণ করেই ক্ষান্ত হয়নি, তারা গ্রেনেড নিক্ষেপ শুরু করে। আমাদের পুলিশ বাহিনী, সোয়াট বাহিনী, কাউন্টার টেররিজম, জেলা পুলিশ ও পুলিশ হেড কোয়ার্টার চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। এই গোলাগুলির মধ্যেও তাদের বারবার বলার পরও তারা আত্মসমর্পণ করেনি। আত্মসমর্পণ না করাতে আমদের যৌথবাহিনী এই আক্রমণটি পরিচালনা করে।”
গোলাগুলির পর সেখানে সাতজনের মৃতদেহের পাশাপাশি তিনটি আগ্নেয়াস্ত্র, একটি গ্যাস সিলিন্ডার ও বেশ কয়েকটি চাপাতি পাওয়া গেছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘জঙ্গিরা’ গ্যাস সিলিন্ডার দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিল।
পুলিশের এই অভিযানের আগে সকালে গাজীপুরের আরেকটি বাড়িতে অভিযান চালায় র্যাব, যাতে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হন। কাছাকাছি সময় টাঙ্গাইলে র্যাবের জঙ্গিবিরোধী আরেক অভিযানে নিহত হয়েছেন দুজন।
