২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রিকশার কষ্ট’ গুলশানে

জঙ্গি হামলার পর হলুদ রঙয়ের ৫০০ রিকশা নামানো হলেও তাতে চাহিদা পূরণ হচ্ছে না। চাহিদা বেশি থাকায় এসব রিকশায় অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ করেছেন যাত্রীরা।

ওবায়দুর মাসুম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2016, 12:51 PM

Updated : 11 Oct 2022, 08:51 PM

বৃহস্পতিবার দুপুরে গুলশানের ১২৬ নম্বর সড়কে রিকশার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন মধ্য বাড্ডার গৃহিনী নীলা আফরোজ। যাবেন ৯৪ নম্বর সড়কে।

দীর্ঘক্ষণ অপেক্ষা করেও রিকশা পাচ্ছিলেন না তিনি। পাশেই এক ভ্যানচালক গুলশান ২ নম্বর যাওয়ার জন্য ডাকছিলেন যাত্রীদের। এক পর্যায়ে আরও তিনজনের সঙ্গে নীলাও তাতে চড়ে বসেন।

নীলার মতো হাজারো মানুষকে প্রতিদিনই অভিজাত ও কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত গুলশানে রিকশার অভাবে এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে  জঙ্গি হামলার পরে কাকলী, বনানী ও গুলশানের একটি অংশে গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়ার পর থেকেই এ অবস্থা।

এসব এলাকায় আগে কয়েক হাজার রিকশা চলত। জঙ্গি হামলার পর অগাস্টে বিশেষ রঙের (হলুদ) ৫০০ রিকশা নামানো হয়। কিন্তু চাহিদার তুলনায় তা একেবারেই কম। যাত্রী চাহিদা বেশি থাকায় এসব রিকশার চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।

Image
রিকশার জন্য লম্বা সময়

রিকশার জন্য লম্বা সময়

ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মহানগর পুলিশ এবং গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির পরিচালনায় চলছে বিশেষ রঙয়ের রিকশা।

বৃহস্পতিবার দুপুরে গুলশান ১ নম্বর ডিসিসি মার্কেটের পাশের রাস্তায় রিকশার অপেক্ষায় থাকা অনেক যাত্রী দেখা গেছে; অধিকাংশই নিকেতনের। একটি রিকশা দেখলেই তার দিকে ছুটে যাচ্ছেন যাত্রীরা। অনেকে ‘শেয়ার’ করেও যাচ্ছেন।

বারিধারার সাউথ পয়েন্ট স্কুলে পড়ুয়া মেয়েকে নিয়ে সেখানে থাকা নাখালপাড়ার শাহনাজ বেগম জানালেন, গুলশান ২ নম্বর থেকে এ পর্যন্ত বাসে এসে রিকশায় সরাসরি নাবিস্কো চলে যেতেন তিনি।

তিনি বলেন, “ভোগান্তির কথা বলে শেষ করা যাবে না। প্রায় ২০ মিনিট ধরে দাঁড়িয়ে আছি।”

মাহিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্মী মেহেদি হাসান জানান, রিকশা কম থাকায় ভোগান্তি এবং যাতায়াতের খরচ দুটোই বেড়েছে তার।

“বাসের কাউন্টারগুলোয় এমন ভিড় থাকে যে ওঠার সুযোগ থাকে না। কিন্তু রিকশার জন্য এমনও হয়েছে যে ত্রিশ মিনিটও অপেক্ষা করতে হয়েছে। ভাড়াও লাগে বেশি।”

রিকশা ভাড়াও আগের চেয়ে বেড়ে গেছে বলে অভিযোগ বনানীর সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থীর আবদুল আজিজের।

তিনি বলেন, “আগে বনানী কবরস্থান থেকে ১৮ নম্বর রোডের ক্যাম্পাসের ভাড়া ছিল ১৫ টাকা। কিন্তু সোসাইটি থেকে বিশ টাকা নির্ধারণ করে দেয়া হলেও ২৫ টাকা করে চাইছে চালকরা।”

গুলশানের এক প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহেদ হাসান জানান, আগে নিকেতন বাজার গেট থেকে ৩ নম্বর সড়ক পর্যন্ত ১০ টাকা ভাড়া থাকলেও সোসাইটি ১৫ টাকা নির্ধারণ করেছে। কিন্তু কোনো রিকশাই এখন ২০-২৫ টাকার কমে যেতে চায় না।

“অভিযোগ করেও কোনো লাভ হয় না। সোসাইটির নম্বরে ফোন দিয়েছিলাম দুইবার। কোনো সুরাহা হয়নি,” বলেন ক্ষুব্ধ শাহেদ।

দুর্ভোগ বন্ধে প্রতিটি এলাকার গুরুত্বপূর্ণ মোড়ে ভাড়ার তালিকা টানিয়ে দেয়ার পরামর্শ দেন তিনি।

রিকশা কম থাকায় ভোগান্তিতে থাকার কথা জানিয়েছেন চালকরাও। যাত্রীর চাপ বেশি থাকায় একটি রিকশা তিনজন পালা করে চালাচ্ছেন।

Image
রিকশার জন্য লম্বা সময়

রিকশার জন্য লম্বা সময়

গুলশান ১ নম্বর থেকে যাত্রী নিয়ে গুলশান ২ নম্বর ডিসিসি মার্কেটের পাশের সড়কে এসেছেন শফিকুল ইসলাম। রিকশা থামানোর আগেই দুদিক থেকে তিনজন যাত্রী ঘিরে ধরে তাকে। পরে খাওয়ার কথা বলে নিস্তার পান তিনি।

শফিকুল বলেন, “রিকশা থামাইলেই প্যাসেঞ্জাররা আটকায়। বলে যাইতে হবে। কিন্তু যাইতে তো পারি না। শরীরে তো কুলাইতে হবে। আমরা দুই ড্রাইভার চালাই, তাও বিশ্রাম পাই না। খাওয়ার সময়ও দেয় না।”

রিকশা সঙ্কট দ্রতই কেটে যাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গুলশান-বনানী এলাকায় আরও ৫০০ রিকশা নামছে। এতে যাত্রীদের দুর্ভোগ কমে যাবে। যাত্রীদের প্রেসার আগে যদি একশ থাকত, এই রিকশাগুলো নামলে তা পঞ্চাশ হবে।”

মেয়রের নির্দেশে নতুন রিকশা নামানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন গুলশান সোসাইটির মহাসচিব ওমর সাদাত।

“আমরা যেভাবে চাই সেভাবে রিকশাগুলো প্রস্তুত হচ্ছে। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে তা শেষ হবে। আমাদের কাছে চালকদের নাম চলে এসেছে। আমরা সেগুলো পুলিশের কাছে পাঠিয়েছি। পুলিশ যাচাই-বাছাই করে জানালেই আমরা তাদেরকে সোসাইটির কার্ড দিয়ে দেব।”

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওমর। ভাড়ার তালিকা টানিয়ে দেওয়ার পরামর্শকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।

নতুন রিকশা নামলে আলাদা স্ট্যান্ড করে দেওয়ার সঙ্গে ভাড়ার তালিকাও টানানো হবে, বলেন তিনি।