এক বছর পার ‘আসুন কিছু করি’র
একটি ওয়ার্ডে কিছু করার উদ্যোগ ছড়িয়ে পড়েছে পুরো মহানগরীতে; যাত্রা শুরুর এক বছরের মধ্যে ওয়ার্ডের সীমানা ছাড়িয়ে দক্ষিণ সিটি করপোরেশনে বর্জ্য ব্যবস্থাপনাও সহায়তা করছে দোলাইপাড়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আসুন কিছু করি-লেটস ডু সামথিং’।
বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরি, জরুরি প্রয়োজনে রক্তদানে উদ্বুদ্ধ করা, রক্তের গ্রুপের তথ্য সংগ্রহ, অসহায়দের চিকিৎসা সেবা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণসহ নানা ধরনের কার্যক্রমও করছে তরুণদের এই সংগঠন।
জীবন যাত্রার চলমান ধারার সাথে নিজ এলাকার সামাজিক আর পরিবেশগত অবস্থানের উন্নয়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটির ৫১ নম্বর ওয়ার্ডের দোলাইপাড় এলাকার কিছু যুবাদের উদ্যোগে ২০১৫ সালের ২৭ শে সেপ্টেম্বর যাত্রা শুরু ‘আসুন কিছু করি’র।
সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আসুন কিছু করি’ গত এক বছর ধরে এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এলাকার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তৈরি, নিজ এলাকার মানুষের প্রয়োজনে একটি স্বতন্ত্র ‘ব্লাড ব্যাংক’ তৈরি, তথ্য সংরক্ষণ এবং হালনাগাদ পদ্ধতি গড়ে তোলা, অসহায় মানুষদের মৌলিক চিকিৎসা সেবার পাশে থাকা এবং এলাকার গরীব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছেন তারা।
এই সফলতার আনন্দ এলাকাবাসীর মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই শুক্রবার আসুন কিছু করি এর পক্ষ থেকে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র্যালির।
বেলা পৌনে ১১টার দিকে দোলাইপাড় কিন্ডারগার্টেন স্কুলের সামনে থেকে শুরু করে দোলাইপাড় বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয় র্যালিটি, যাতে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে অন্যদের মধ্যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল ৫ এর পরিদর্শক, স্থানীয় বাড়িওয়ালা, ভাড়াটিয়া এবং আসুন কিছু করি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের ফেইসবুক পেইজে রয়েছে তাদের বিভিন্ন কার্যক্রমের বিবরণও, যার মধ্যে পরিচ্ছনতা বিষয়ে সচেতনতা তৈরিতে গত এক বছরে ১৩ বার করার সবাইকে নিয়ে রাস্তায় ঝাড়ু দেওয়াসহ এ বিষয়ে সচেতনতামূলক কাউন্সেলিং রয়েছে।
এছাড়া কোরবানির ঈদে পশুর বর্জ্যব্যবস্থাপনায় বাড়ি বাড়ি গিয়ে প্রায় ৩০০ পলিব্যাগ ও ব্লিচিং পাউডার সরবরাহ, বিভিন্ন সময়ে এলাকার প্রায় ৩০০ জন মানুষের রক্তের গ্রুপের তথ্য সংরক্ষণ, দুটি মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৫১৫ জন রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ রয়েছে।
