২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গানে-গানে ছায়ানটের শরৎ উদযাপন

রবীন্দ্রনাথের প্রেম-প্রকৃতি-পূজা পর্যায়ের গান পরিবেশনায় শরৎ উদযাপন করলো সংগীত বিদ্যায়তন ছায়ানট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 08:48 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

শুক্রবার সকালে চারুকলার বকুলতলায় হয় শরৎ উদযাপন পর্বের এই অনুষ্ঠান।

সকাল ৭টায় সম্মিলিত কণ্ঠে ‘বিশ্ব বীণা রবে’ গানের মধ্য দিয়ে শুরু হয় শরতের অনুষ্ঠান। একক ও সম্মেলক গান এবং নৃত্যের মধ্য দিয়ে চলে ছায়ানটের শিল্পীদের সুরে সুরে শরৎ অঞ্জলি।

উদ্বোধনী গান ছাড়াও সম্মিলিত কণ্ঠে শিল্পীরা গেয়ে শোনান ‘শরত তোমার অরুণ আলোর অঞ্জলি’ ও ‘আমার নয়ন-ভুলানো এলে’।

আর ‘ওগো শেফালিবনের’, ‘আনন্দেরই সাগর হতে’ ও ‘আজ ধানের ক্ষেতে’ সম্মেলক কণ্ঠে এই তিন গানের সাথে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

কৌশিক সাহা ও মন্দ্রিতা বিশ্বাস দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন ‘তোমার মোহন রূপে কে রয় ভুলে’।

এছাড়া বেশ কজন শিল্পী গেয়ে শোনান একক গান।

মাকছুরা আখতার গেয়ে শোনান ‘অমল ধবল পালে লেগেছে’, রাইয়্যান বিনতে হাবীব ‘আমারে ডাক দিল কে’, দীপাঞ্জন মুখার্জী ‘হৃদয়ে ছিলে জেগে’, সুতপা সাহা ‘কোন্ খেলা যে খেলব কখন’, সুদীপ সরকার ‘আমি চিনি গো চিনি তোমারে, শ্রাবন্তী শোভনা ‘তোমরা যা বল তাই বলো, সৈকত মুখার্জী ‘কেন আমায় পাগল করে যাস’, সেমন্তি মঞ্জরী ‘কোন্ খেপা শ্রাবণ’, মানস ভট্টাচার্য ‘আমার রাত পোহালো, সেঁজুতি বড়ুয়া ‘মেঘ কেটে গেছে’গেয়ে শোনান।

সবশেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।