২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে জীবন এক মহাকাব্য...

‘আমার পরিচয়’, ‘নূরলদীনের সারাজীবন’ কিংবা দীর্ঘ কাব্যনাটক ‘ঈর্ষা’র কথাও উঠে আসতে পারে সব্যসাচী লেখক প্রয়াত সৈয়দ শামসুল হকের রচনা প্রসঙ্গে; তিনি কি পারতেন না এক মহাকাব্য লিখে যেতে? প্রশ্ন কবিদের, প্রশ্ন ছিল সহযোদ্ধা সংস্কৃতিকর্মীদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 08:58 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত ‘কবি সৈয়দ শামসুল হক স্মরণে কবিতাপাঠ, স্মৃতিচারণ, গান ও আবৃত্তি’ অনুষ্ঠানে এসে সেই প্রশ্নেরই যেন উত্তর দিলেন সব্যসাচী লেখকের ছেলে দ্বিতীয় সৈয়দ হক।

“বাবার জীবনটাই তো এক মহাকাব্য। সাহিত্যের ভূগোল বদলে দিয়ে তিনি জীবনকেই এক মহাকাব্য হিসেবে দেখেছেন। যে মহাকাব্য চলছে তার মৃত্যুর পরেও..

“সেই বাজিকর পরাণের গহিনের ভিতর রুমাল নেড়ে মানুষের মন কেড়ে নিয়েছেন। এভাবেই তো একজন কবি অমর হন।”

সৈয়দ হকের ইংরেজি কবিতা ‘আই ডাই’ প্রসঙ্গে বাবার স্মৃতিচারণ করেন দ্বিতীয়।

তিনি বলেন, “বাবার একটি ইংরেজি কবিতা ‘আই ডাই’। এ কাব্যটি তিনি পড়ে শোনাতেন, আর আামদের বলতেন ‘আমি যখন থাকবো না, তখন তোমাদের ভেতর অনেক কিছু মরে যাবে’। বাবা চলে যাওয়ার পরে যে অসহায়বোধ, যে শুন্যতা তৈরি হয়েছে তা আমি ধরে রাখতে চাই।”

পরে ‘আই ডাই’ পাঠ করে শোনান দ্বিতীয় সৈয়দ হক।

Image
সৈয়দ শামসুল হক

সৈয়দ শামসুল হক

একই অনুষ্ঠানে যোগ দিয়ে লেখকপত্নী মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক বলেন, “আমি কখনও ভাবি নি যে তিনি আমার আগে চলে যাবেন। তিনি আমাকে বলতেন, ‘তুমি আগে যাবে না আমি আগে যাবো। তার সেই কথা নিয়ে আমি একটি কবিতাও লিখেছিলাম ‘তুমি আগে না আমি’

“প্রকৃতি ভীষণ অন্যায় করে তাকে টেনেহিঁচড়ে নিয়ে গেল। তিনি তো পঁচিশ বছরের এক যুবকের মতো প্রতিভাধর, সৃজনী ছিলেন।”

আনোয়ারা সৈয়দ হক জানান, সৈয়দ হক মৃত্যুশয্যায় বসেও নতুন সব সাহিত্য, নাটক আর কবিতা রচনা করতে চেয়েছিলেন।

শুরু করেছিলেন কবিতা সিরিজ ‘ভাবনার ডানা’, ‘শেষ যোদ্ধা’, ‘লাল বিবি’; বেশকটি নাটকও লিখতে চেয়েছিলেন তিনি। ইউনাইটেড হাসপাতালের বেডে শুয়েও তাকে উৎসর্গ করেছিলেন ‘মেষ’ গল্পটি।

মেয়ে বিদিতা সৈয়দ হক বলেন, “রবার্ট ফ্রস্টের কবিতার উদ্ধৃতি দিয়ে বাবা বলতেন, যে রাস্তায় কেউ যেতে চায় না, তুমি সেই রাস্তায় বুক উচিঁয়ে হেঁটে যাবে। আজ বাবা নেই...”

সৈয়দ হক বাংলা সাহিত্যে অমর হয়ে থাকবেন বলে মন্তব্য করে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

তিনি বলেন, “বড় মাপের লেখক ছিলেন সৈয়দ হক। রচনাশৈলী, বাক্যগঠন প্রক্রিয়া, নতুন নতুন শব্দ গঠন দিয়ে নিজস্ব গদ্য ভাষার জন্ম দিয়েছেন। বাংলা সাহিত্যে তিনি অমর হয়ে থাকবেন।”

কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ বলেন, “সৃজনশীল সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে পুরোধা ব্যক্তিত্ব বুদ্ধদেব বসু এবং সৈয়দ শামসুল হক। তিনি সাহিত্যের শিক্ষকও বটে। তাকে হারানো মানে জাতির অভিভাবককে হারানো।”

স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম জাতীয় কবিতা পরিষদের। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কবিরা যখন উচ্চকিত হলেন, তখনই সৈয়দ হক হয়ে উঠেছিলেন সেই দলের ‘প্রাণশক্তি’।

স্মৃতিচারণ পর্বে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত বলেন, “ত্রিশতম কবিতা উৎসবে এসে তিনি উচ্চারণ করেছিলেন, ‘কবিতা মৈত্রী, কবিতাই শক্তি’। আমরা তার সৃজনে স্পর্ধিত হয়েছি, উদ্ধুব্ধ হয়েছি।”

দেশের যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রাবাস সৈয়দ শামসুল হকের নামে নামকরণ করার দাবি জানান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

সৈয়দ শামসুল হককে নিবেদন করে স্বরচিত কবিতা পাঠ করেন কবিরা।

আমিনুর রহমান সুলতান পাঠ করেন ‘পাহাড় পাহাড়ি’, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ পাঠ করেন ‘মঞ্চ থেকে দূরে’। স্বরচিত কবিতা পাঠ করেন কবি আসাদ মান্নান, রেজাউদ্দিন স্ট্যালিন, দিলারা হাফিজ, জাহিদুল হকসহ অন্য কবিরা।