২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের বয়স কিন্তু কম: প্রধানমন্ত্রী

পঞ্চাশতম জন্মবার্ষিকীতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে তার ‘বয়স কিন্তু কম’ বলতে ভুললেন না সপ্তাহখানেক আগে ঊনসত্তর পূর্ণ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 08:49 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

বৃহস্পতিবার সংসদের সমাপনী অধিবেশনে বক্তব্যের শুরুতে স্পিকারকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এ সময় অধিবেশনের সভাপতিত্ব করছিলেন স্পিকার শিরীন শারমিন।

স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মাননীয় স্পিকার আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘজীবী হোন। সকল সংসদ সদস্যের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।”

জবাবে স্পিকার শিরীন শারমিন প্রধানমন্ত্রীসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। এ সময় পাশ থেকে কেউ একজন বলে ওঠেন, “বিষয়টি গোপন ছিল।”

প্রধানমন্ত্রী বলেন, “বিষয়টি গোপন ছিল, কিন্তু আমি...।

“বয়স কিন্তু তার কম, ১৯৬৭ সালে না?

হাসিমুখে স্পিকারের জবাব আসে: “ছেষট্টি।”

এরপর প্রধানমন্ত্রী বলেন, “১৯৬৬ সালে ছয় দফা দেওয়া হয়েছিল। সেই বছরেই তার জন্ম। আজ ৬ অক্টোবর।”

পেশায় আইনজীবী শিরীন শারমিন সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে গত নবম সংসদে প্রথম আইন সভায় আসেন।  ওই সময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

২০১৩ সালে রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা যাওয়ার পর রাষ্ট্রপ্রধানের দায়িত্বে যান তৎকালীন স্পিকার আবদুল হামিদ। ওই সময় দেশের প্রথম নারী স্পিকার হিসেবে আইন সভার সভাপতির আসনে বসেন শিরীন শারমিন।

৪৬ বছর বয়সে সংসদের কর্তৃত্বে আসা শিরীন শারমিনই সবচেয়ে কম বয়সী হিসেবে এই পদে আসেন। ১৯৬৬ সালে ৬ অক্টোবর ঢাকায় জন্ম তার।

অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর।