২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: চাল পাবেন সাড়ে ৩ লাখ জেলে

প্রজনন মৌসুমে এবার ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞার সময় দেশের তিন লাখ ৫৬ হাজার ৭২৩ জন জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল দেবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 04:51 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

ইলিশ আহরণে বিরত থাকায় ১৪ জেলার ৭৬ উপজেলার এসব জেলেকে ২০ কেজি করে চাল দেওয়া হবে বলে বুধবার এক চিঠিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

ইলিশ রক্ষায় এবার প্রজনন মৌসুমে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার।

সরকারের সিদ্ধান্ত মেনে এ সময়ে মা ইলিশ আহরণে বিরত থাকায় চাঁদপুরের ৩৬ হাজার ৫৭৫ জন, লহ্মীপুরের ৩৭ হাজার ৩২৬ জন এবং ফেনীর ৫০০ জেলে চাল পাবেন।

নোয়াখালীর আট হাজার ৫২৪ জন, কক্সবাজারের সাড়ে ১০ হাজার, চট্টগ্রামের সাড়ে ১৭ হাজার, ভোলার ৮৮ হাজার ১১১ জন, পটুয়াখালীর ৪৫ হাজার ৬৪২ জন এবং বরিশালের ৪৩ হাজার ৬৪৪ জেলেকে চাল দেওয়া হবে।

এছাড়া বরগুনার ৩৪ হাজার ২১১ জন, পিরোজপুরের ১৪ হাজার ৮৭৫ জন, ঝালকাঠির এক হাজার ৪৬০ জন, শরীয়তপুরের ১৬ হাজার ৩৫৫ জন এবং মাদারীপুরের দেড় হাজার জেলেকে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল দেবে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জেলেদের মধ‌্যে বিতরণের জন্য সাত হাজার ১৩৪ মেট্টিক টন চাল এবং চাল পরিবহন ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য মোট ব্যয়ের ৬০ শতাংশ হিসেবে নয় লাখ ৮৪ হাজার ৫৫৫ টাকা ১৪ জেলার জেলা প্রশাসকদের বরাদ্দ দিয়েছে ।

বিশেষ ভিজিএফ বরাদ্দের বিষয়ে জেলা প্রশাসকদের সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস‌্যদের অবহিত করতে চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বরাদ্দকৃত চালের ব্যয় চলতি অর্থ বছরের ভিজিএফ কার্যক্রমের ভিজিএফ খাত থেকে নির্বাহ এবং খাদ্যশষ্যের পরিবহন খরচের ৪০ শতাংশ অর্থ স্থানীয়ভাবে খালি বস্তা বিক্রির খাত থেকে সমন্বয় করতে বলা হয়েছে।

পুরনো খবর:

ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময় চাল পাবেন জেলেরা
এবার ২২ দিন ইলিশ ধরা, বিক্রি বন্ধ