২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জনতা ব্যাংকের দুই ডিজিএম গ্রেপ্তার

বিসমিল্লাহ গ্রুপের আলোচিত ঋণ জালিয়াতি মামলার আসামি জনতা ব্যাংকের দুই উপ মহাব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 02:39 PM

Updated : 12 Apr 2022, 03:01 AM

এরা হলেন মতিঝিলে জনতা ব্যাংকের করপোরেট শাখার উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) আজমুল হক এবং এস এম আবু হেনা মোস্তফা কামাল। তারা দুজনই বিসমিল্লাহ গ্রুপের দুটি করে মামলার আসামি।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণবকুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার সকালে মতিঝিল জনতা ব্যাংকের অফিস থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।”

দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী, এস এম রফিকুল ইসলাম, জালাল উদ্দিন ও আহেরুজ্জামান এ অভিযানে অংশ নেন।

একাধিক ব্যাংক থেকে ১ হাজার ২০০ কোটি টাকা ঋণ জালিয়াতি, মুদ্রা পাচার ও দুর্নীতির অভিযোগে ২০১৩ সালের ৩ নভেম্বর বিসমিল্লাহ গ্রুপের চেয়ারম্যান নওরিন হাসিব, ব্যবস্থাপনা পরিচালক খাজা সোলায়মান চৌধুরীসহ ৫৪ জনের বিরুদ্ধে এক ডজন মামলা করে দুদক।

দুদক পরিচালক ইকবাল হোসেন রাজধানীর রমনা, মতিঝিল ও নিউ মার্কেট থানায় এসব মামলা দায়ের করেন।

এই ৫৪ জনের মধ্যে বিসমিল্লাহ গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ১৩ জন সবগুলো মামলাতেই আসামি করা হয়। বাকিদের মধ‌্যে জনতা ব্যাংকের ১২ জন, প্রাইম ব্যাংকের নয়জন, প্রিমিয়ার ব্যাংকের সাতজন, যমুনা ব্যাংকের পাঁচজন এবং শাহজালাল ইসলামী ব্যাংকের আট কর্মকর্তা রয়েছেন।

এসব মামলার মধ‌্যে জনতা ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের মোট ৩৩২ কোটি ৯১ লাখ টাকা আত্মসাতের দুটি মামলায় আজমুল হক ও এস এম আবু হেনা মোস্তফা কামাল আসামি।