২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রনির কলাম নিয়ে নঈম নিজামকেও তলব আদালতে

সাবেক সংসদ সদস‌্য গোলাম মাওলা রনির এক কলাম নিয়ে আদালতে দাঁড়াতে হচ্ছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামকে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 08:20 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

কলামটির লেখক রনি ও সম্পাদক নঈম নিজামের সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হককেও ৩০ অক্টোবর দালতে হাজির হতে বুধবার আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস।

রনির লেখা ওই উপ-সম্পাদকীয়তে আইনজীবীদের কটাক্ষ করা হয়েছে অভিযোগ তুলে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান মানিকের একটি মামলা গ্রহণ করে তলবের এই আদেশ হয়।

মামলার আরজিতে বলা হয়, “এই উপসম্পাদকীয় একটি কুরুচিপূর্ণ কৌতুক প্রকাশ করেছে, যা বিজ্ঞ আইনজীবীদের জন্য মানহানিকর। যার আর্থিক মূল্যমান ১৫০ কোটি টাকা।”

গত ৩০ সেপ্টেম্বর ‘সুন্দরী সুজানা, দুই বৃদ্ধ এবং এক উকিল!’ শিরোনামে প্রকাশিত রনির ওই উপ-সম্পাদকীয়তে আইনজীবীদের অপমান করা হয়েছে বলে অভিযোগ মানিকের।