২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম হত্যা: মিনারের জামিন আবেদন খারিজ

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম‌্যান একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মিনার চৌধুরীর জামিন আবেদন ‘উপস্থাপিত হয়নি মর্মে’ খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 02:24 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

মিনারের করা একটি আবেদনের প্রাথমিক শুনানি করে বুধবার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এই আদেশ দেয়।

২০১৫ সালের মার্চে মিনারকে হাই কোর্ট জামিন দিলেও শেষ পর্যন্ত আপিল বিভাগে তা টেকেনি। এরপর গত ২ অক্টোবর ফের জামিন আবেদন করেন তিনি।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল। মিনার চৌধুরীর পক্ষে ছিলেন ব্যারিস্টার আমিনুল হক।

২০১৪ সালের ২০ মে ফুলগাজী যাওয়ার সময় ফেনী শহরের একাডেমী এলাকায় একরামুলকে নিজের গাড়িতে গুলি চালানোর পর পুড়িয়ে হত্যা করা হয়।

নিহতের বড় ভাই রেজাউল হক জসিম ওই দিনই ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহাতাব উদ্দিন আহম্মদ চৌধুরীর (মিনার চৌধুরী) নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০/৩৫ জনকে আসামি দেখিয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলা হওয়ার পর ওই বছর ২৭ মে গোয়েন্দা পুলিশ ঢাকা থেকে মিনারকে গ্রেপ্তার করে। মাঝে একবার তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান।

তবে অভিযোগপত্র দেওয়ার পর নির্দেশনা মেনে আদালতে হাজির না হওয়ার তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। তার ভিত্তিতে ফের গ্রেপ্তার হন তিনি।

পুরনো খবর:

মিনারের জামিন বাতিল, কারা চিকিৎসকদের তলব