এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের নেতৃত্বে বাংলাদেশ
বাংলাদেশ আগামী এক বছরের জন্য এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইউএন-এসকাপ ও ইন্টারনেট সোসাইটি আয়োজিত উচ্চ পর্যায়ের এক ফোরামে বাংলাদেশকে এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়।
এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ট্রান্স-এশিয়ান রেললাইন বরাবর ফাইবার অপটিক কেবলের মাধ্যমে সংযুক্ত করা হবে।
বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওই ফোরামে ইনটারনেট অফ অপরচুনিটি ইন দ্য এশিয়া প্যাসিফিক শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বঞ্চিত জনগণকে ইন্টারনেট সুবিধার আওতায় আনার ওপর জোর দিয়ে বলেন, “এসডিজির উদ্দেশ্য পূরণে সুস্বাস্থ্য, গুণগত শিক্ষা, উদ্ভাবন, স্মার্ট সিটির মত লক্ষ্যসমূহ অর্জনে অন্তর্ভুক্তিমূলক ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
“ইউএন-এসকাপের সদস্যভুক্ত দেশগুলোকে এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপারহাইওয়েতে যুক্ত করা অধিক যুক্তিযুক্ত ও ফলদায়ক হবে।”
এ প্রস্তাবে ইউএন-এসকাপের সদস্য দেশগুলো সমর্থন দিলে বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়।
ফোরামে প্রতিমন্ত্রী সঙ্গে যোগ দেন ইউএন-এসকাপে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুল বারি।
