রামপালে বিদ্যুৎকেন্দ্রে সুন্দরবনের ক্ষতি হবে না: সংসদে প্রতিমন্ত্রী
সুন্দরবনের ক্ষতির শঙ্কায় রামপালে বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতার মধ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংসদে বলেছেন, সেখানে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে তিনি বলেন, “রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে সুন্দরবন অঞ্চলের কোনো ক্ষতি হবে না। কারণ রামপালে যে বিদ্যুৎকেন্দ্র নির্মিত হতে যাচ্ছে তা হবে আধুনিক প্রযুক্তির আন্তর্জাতিক মানসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র।”
এ বিদ্যুৎকেন্দ্র পরিবেশবান্ধব করতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সে সম্পর্কে আলোচনা করেন নসরুল হামিদ।
প্রশ্নোত্তরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে গ্যাসের মজুদ, চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে চাহিদা মেটানোর জন্য আগামীতে উচ্চমূল্যে এলএনজি গ্যাস আমদানি করতে হবে। তাই সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার জন্য গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এজন্য বর্তমান সরকার যানবাহনে সিএনজি গ্যাসের ব্যবহার নিরুৎসাহিত করছে।
২০১১ সাল থেকে এ পর্যন্ত ৪৬টি প্রতিষ্ঠানকে এলপিজি বটলিং প্ল্যান্ট নির্মাণের অনুমতি দেওয়ার কথাও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহে ঘাটতি থাকায় গ্যাসের পাইপলাইন সম্প্রসারণ ও নতুন সংযোগ বন্ধ রাখা হয়েছে। বাসা-বাড়ি বা আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগের বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অগাস্ট পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় ৩৭টি অভিযানের মাধ্যমে ৪৬ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন এবং ২৬ হাজার ৯৮৩টি বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলেও প্রশ্নোত্তরে জানান তিনি।
অপর এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, সরকারি খাতের বিদ্যুৎকেন্দ্র অধিক পুরনো হওয়ায় এর উৎপাদন ক্ষমতা কমে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে অনেক কেন্দ্রে তাৎক্ষণিক ‘শাটডাউন’ করতে হয়। গ্যাসভিত্তিক কেন্দ্রে গ্যাস সরবরাহের স্বল্পতা ও কাপ্তাই হ্রদে পানির স্তর কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। যে কারণে মাঝে মধ্যে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।
প্রশ্নোত্তরে তিনি জানান, বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ১৪ হাজার ৯৮০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। অর্থাৎ বর্তমান সরকারের দুই মেয়াদে বিদ্যুতের উৎপাদন বেড়েছে ১০ হাজার ৩৮ মেগাওয়াট। বর্তমানে ৭৬ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় আছে। ২০২১ সাল নাগাদ দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা যাবে।
প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি খাতে ৩ হাজার ১১ মেগাওয়াট ক্ষমতার পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ওরিয়ন গ্রুপ ও এস আলম গ্রুপের সঙ্গে চুক্তি সই হয়েছে। কেন্দ্রগুলো ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে। এছাড়া মহেশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য মালয়েশিয়া, চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমঝোতা সই হয়েছে। জাইকার সহায়তায় মাতারবাড়ীতে কয়লাভিত্তিক ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে।
