রামপালে সুন্দরবনের ক্ষতির বৈজ্ঞানিক ভিত্তি নেই: পরিবেশমন্ত্রী
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতির যে আশঙ্কার কথা বলা হচ্ছে, তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে দাবি করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
সুন্দরবনের কাছে এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বাংলাদেশের বিভিন্ন সংগঠন এবং ইউনেস্কোর উদ্বেগের পরিপ্রেক্ষিতে এক সংসদ সদস্যের প্রশ্নে বৃহস্পতিবার সংসদে দেওয়া উত্তরে এই দাবি করেন তিনি।
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নির্মাণাধীন ‘মৈত্রী সুপার পাওয়ার থারমাল’ বিদ্যুৎ কেন্দ্র ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ হুমকির মুখে ঠেলে দেবে অনেকের আশঙ্কা।
এর মধ্যেই জাতিসংঘ সংস্থা ইউনেস্কো সুন্দরবনের উপর এই বিদ্যুৎ কেন্দ্রের নেতিবাচক প্রভাবের আশঙ্কা তুলে ধরে সরকারকে একটি চিঠি পাঠায়।
সরকারদলীয় সংসদ সদস্য পিনু খান পরিবেশমন্ত্রীর কাছে জানতে চান- বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রচার মাধ্যমে কিছু ব্যক্তি/প্রতিষ্ঠান প্রচার করছে যে সুন্দরবনের অদূরে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে সুন্দরবনের ব্যাপক ক্ষতি সাধন হবে। এ প্রচার সত্য কিনা; কেন্দ্র নির্মাণের ফলে সুন্দরবন অঞ্চলে কোনো ক্ষতি হবে কিনা; এর পক্ষে-বিপক্ষে মন্ত্রণালয়ের ব্যাখ্যা/বক্তব্য কী?
লিখিত জবাবে মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, “রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবন অঞ্চলের ব্যাপক ক্ষতি সাধন হবে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম ও গণমাধ্যমে যে প্রচারণা চালানো হচ্ছে, তার বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নেই। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে সুন্দরবন অঞ্চলে কোনো ক্ষতি হবে না।”
তিনি বলেন, এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগে সুন্দরবনের উপর পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) প্রতিবেদন প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
“কেন্দ্রটি আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজির হবে এবং কেন্দ্রের কন্সট্রাকশন এ্যান্ড অপারেশন ফেজ-এ সুন্দরবনের উপর যেন কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে, তা নিশ্চিত করা হয়েছে।”
পরিবেশ সুরক্ষায় এ প্রকল্পে চারটি পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইআইএ-প্রতিবেদনে বলা হয়েছে বলে জানান মন্ত্রী।
# বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত বায়ুর মানমাত্রা পরিবেশ সংরক্ষণ বিধিমালা ও ওয়ার্ল্ডব্যাংক গাইডলাইন্স-এ নির্ধারিত মানমাত্রার মধ্যে থাকবে। কোনো ধরনের আনট্রিটেড অথবা হিটেড ওয়াটার নদীতে নির্গমন করা হবে না এবং ইটিপিতে পরিশোধিত পানি যথাসম্ভব পুনঃব্যবহার করা হবে।
# বিদ্যুৎ কেন্দ্রে শূন্য দশমিক ৬ শতাংশের চেয়ে কম সালফার উন্নতমানের বিটুমিনাস কয়লা ব্যবহার করা হবে যা অস্ট্রেলিয়া/ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হবে।
# বিদ্যুৎ কেন্দ্রের বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য মিটিগেশন মেজার্স হিসেবে ইলেকট্রো স্ট্যাটিক প্রিসিপিট্যাটর (ইসএসপি), লো এনওএক্স বার্নার, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন-এফজিডি, ২৭৫ মিটার উঁচু চিমনী এবং পানি দূষণ নিয়ন্ত্রণের জন্য মিটিগেশন মেজার্স হিসেবে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট-ইটিপি, সেটলিং পন্ড, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট-ডব্লিউডব্লিউটিপি, ডিস্যালাইনেশন প্লান্ট, এপিআই অেয়েল ওয়াটার সেপারেটর, ওয়াটার রিসাইক্লিং এ্যান্ড রিইউজ ইত্যাদির ব্যবস্থা রাখা হবে।
# বিদ্যুৎ কেন্দ্রে সৃষ্ট ফ্লাই/বোটম অ্যাশ পুরোপুরি ব্যবহারের জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কয়লা থেকে দূষণ নিয়ন্ত্রণের জন্য কোল ডাস্ট সাপ্রেশন সিস্টেম-ডিএসএস, ক্লোজড কনভেয়র বেল্ট, কার্গো/শিপ ব্যবহার করা হবে।
দূষণ নিয়ন্ত্রণের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত হলে ক্ষতির কোনো সম্ভাবনা নেই, বলেন মন্ত্রী।
তিনি বলেন, এরপরও সমান্তরাল গবেষণার মাধ্যমে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী মতামত নেওয়া যেতে পারে।
ইউনেস্কোর ‘ভুল’ ধরছে একদল ব্যবসায়ী
রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে ইউনেস্কো যে প্রতিবেদন দিয়েছে, তা মাত্র ৩ থেকে ৪ দিনের জরিপে করা হয়েছে বলে দাবি তুলেছে একদল ব্যবসায়ী।
‘সচেতন ব্যবসায়ী প্রগতিশীল বাংলাদেশ’ এর সংবাদ সম্মেলন
নিজেদের ‘সচেতন ব্যবসায়ী’ দাবি করে ‘প্রগতিশীল বাংলাদেশ’ ব্যানারে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।
সংগঠনের সভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া বলেন, “সরকারবিরোধী কোনো চক্র ইউনেস্কোকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করেছে। ভুল তথ্যের মাধ্যমে প্রভাবিত হয়ে গবেষণা না করেই প্রতিবেদন প্রকাশ করেছে তারা।
“খুব স্বল্প সময়ের জরিপের ভিত্তিতে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে ইউনেস্কো। মাত্র ৩ থেকে ৪ দিনে জরিপ কাজ শেষ করেছে সংস্থাটি। স্বল্প সময়ের জরিপের ভিত্তিতে সঠিক তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করা যায় না।”
জাতিসংঘ সংস্থাটির প্রতিবেদনের এই মূল্যায়ন কীসের ভিত্তিতে করা হয়েছে, সে বিষয়ে কোনো উত্তর আসেনি এই সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী বায়জিদ কাবির।
উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক লিয়াকত আলি ভূঁইয়া, বুয়েটের অধ্যাপক হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
