২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রতনতনু ঘোষের শেষ শ্রদ্ধায় বাংলা একাডেমির বাধা

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত লেখক-প্রাবন্ধিক রতনতনু ঘোষের মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রবেশে বাধা দিয়েছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 11:39 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

৫২ বছর বয়সে সোমবার বিকালে মারা যাওয়া এ লেখকের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ মঙ্গলবার বেলা ১১টায় বাংলা একাডেমিতে নিয়ে আসা হয়।

তবে ‘অনুমতি না নেওয়ার’ কারণ দেখিয়ে একাডেমি কর্তৃপক্ষ লেখকের প্রতি শ্রদ্ধা নিবেদনে অস্বীকৃতি জানায়। একাডেমির ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি তার শবদেহ। 

রতনতুন ঘোষ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়া একাডেমির লেখক প্রকল্পের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে তার বইও প্রকাশ করেছে বাংলা একাডেমি।

রতনতনু ঘোষ রচিত ‘বহুমাত্রিক বিশ্বায়ন’ গ্রন্থটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমজকল্যাণ ও গবেষণা অনুষদে পড়ানো হয়।

কবির ঘনিষ্ঠজন শফিক হাসান বলেন, “তিনি বিশিষ্ট লেখক নন এই অজুহাতে তার প্রতি শ্রদ্ধা নিবেদনে অস্বীকৃতি জানায় একাডেমি কর্তৃপক্ষ।”

Image
প্রয়াত রতনতনু ঘোষ (ফাইল ছবি)

প্রয়াত রতনতনু ঘোষ (ফাইল ছবি)

তিনি জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে রতনতনু ঘোষের শবদেহবাহী অ্যাম্বুলেন্স বাংলা একাডেমির গেটে পৌঁছালে, সেখানকার কর্তব্যরতরা প্রবেশে বাধা দেন। তখন উপস্থিত সাংবাদিকরা কারণ জানতে চাইলে তারা বলেন, একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আনোয়ার হোসেনের ‘নির্দেশ আছে’।

পরে বাংলা একাডেমির সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক আনোয়ার হোসেন বলেন, “লেখকের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমির কাছে আবেদন করা হয়নি। তাই হঠাৎ করে একজনের মরদেহ নিয়ে আসলে তো আমরা একাডেমিতে প্রবেশের অনুমতি দিতে পারি না।

“যদি সকল মরদেহ এখানে আনা হয় তবে তো একাডেমির কাজ করা সম্ভব হবে না। একাডেমি যাদের মনে করে তাদের ডেকে এনে শেষ শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা করে।”

রতনতনু ঘোষের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলা একাডেমিতে হাজির হয়েছিলেন বিটিভির পরিচালক (বার্তা) কবি নাসির আহমেদ, গবেষক ও প্রাবন্ধিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মিল্টন বিশ্বাস, লেখকের পরিবার-পরিজনসহ অসংখ্য লেখক, কবি ও শুভানুধ্যায়ীরা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাসির আহমেদ বলেন, “কে বড় লেখক, কে ছোট লেখক এটা নির্ধারণ করবে কে? শুধুই কী পুরস্কারের মধ্যে তা নির্ধারণ হয়ে যায়? আমি মনে করি এটা কোনো বিবেচক সিদ্ধান্ত নয়।”

মিল্টন বিশ্বাস বলেন, “বাংলা একাডেমি সকল লেখকের প্রাণের প্রতিষ্ঠান। এখানে সবার আসার অধিকার আছে। একাডেমির আজীবন সদস্য এবং একাডেমির তরুণ লেখক প্রকল্পের প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থী। সে হিসেবেও তাকে মূল্যায়ন করা যেত।”

পরে শ্রদ্ধা নিবেদন করতে না পেরে সোয়া এক ঘণ্টা অপেক্ষা শেষে পরিবারের সদস্যরা একাডেমি থেকে রতনতনুর মরদেহ নিয়ে যাত্রা করে তার জন্মস্থান মুন্সিগঞ্জের উদ্দেশে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।

রতনতনু ঘোষ সোমবার বিকাল সাড়ে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর তেজগাঁও শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী ড. চন্দশ্রী পালসহ বহু অনুরাগী।

সাহিত্য ছাড়াও রতনতনু ঘোষের লেখার বিষয়বস্তু ছিল রাজনীতি, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ। লেখালেখির পাশাপাশি তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজে দীর্ঘ ২৫ বছর ধরে শিক্ষকতা করেন। 

মৌলিক রচনার পাশাপাশি তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ সম্পাদনা করেছেন। অনুবাদ, ভ্রমণ এবং শিশুতোষ রচনাও রয়েছে তার সৃষ্টিকর্মের মধ্যে।

তবে প্রাবন্ধিক হিসেবেই তিনি সর্বাধিক পরিচিত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৭২টি। বহুমাত্রিক এই লেখকের উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থগুলো হলো ‘অগ্রসর বাংলাদেশ’, ‘অপরাজেয় বাংলাদেশ’, ‘বাংলাদেশের সাহিত্য’, ‘নোবেল বিজয়ীদের কথা’, ‘বাংলাদেশের রাজনীতি প্রত্যাশা ও বাস্তবতা’, ‘ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’, ‘বাংলাদেশের রাজনৈতিক অপসংস্কৃতি’।