২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনেস্কোকে গুরুত্ব দিন: তেল-গ্যাস কমিটি

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের বিষয়ে ‘সময় নষ্ট না করে’ ইউনেস্কোর প্রতিবেদনকে গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 11:37 PM

Updated : 11 Oct 2022, 08:48 PM

পুরনো খবর:

ইউনেস্কোর চিঠি ‘প্রভাবিত’: হাছান
রামপালে সুন্দরবনের ক্ষতির বৈজ্ঞানিক ভিত্তি নেই: পরিবেশমন্ত্রী
রামপাল: ইউনেস্কোর ‘৩৬ তথ্যে ভুল’ পেয়েছে বিদ‌্যুৎ কোম্পানি

সোমবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে নাগরিক এই সংগঠনের এক সমাবেশে কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, “পত্রিকায় দেখলাম, ইউনেস্কোর প্রতিবেদনের উত্তরে সরকার জানিয়েছে যে রামপালে ২য় পর্যায়ের প্রকল্প থেকে সরকার সরে এসেছে।

“সরকারকে বলতে চাই, যে যুক্তিতে ২য় পর্যায়ের প্রকল্প থেকে সরে এসেছেন- সেই যুক্তিতেই প্রথম পর্যায়ের প্রকল্প থেকেও সরে আসুন।”

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারতের যৌথ উদ‌্যোগে নির্মাণাধীন ‘মৈত্রী সুপার পাওয়ার থারমাল’ বিদ‌্যুৎ কেন্দ্র ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ‌্য সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ হুমকির মুখে ঠেলে দেবে অনেকের আশঙ্কা।

এই বিদ‌্যুৎ কেন্দ্র নিয়ে তেল-গ‌্যাস রক্ষা কমিটি এবং পরিবেশবাদী সংগঠনের আপত্তির মধ‌্যে ইউনেস্কো এক প্রতিবেদনে নিজেদের উদ্বেগ তুলে ধরে সরকারকে চিঠি পাঠায়।

জাতিসংঘ সংস্থাটির প্রতিবেদনের জবাব পরিবেশ ও বন মন্ত্রণালয় ইতোমধ‌্যে তৈরি করেছে বলে গণমাধ‌্যমে খবর এসেছে। তাতে বলা হয়েছে- রামপাল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কয়লা ছাড়া অন্য কোনো উৎস থেকে বিদ্যুৎ ‍উৎপাদন করা যায় কি না, তা যাচাই করছে সরকার।

আনু মুহাম্মদ বলেন, “কোম্পানির প্রচারে কান না দিয়ে ইউনেস্কোর প্রতিবেদনকে গুরুত্ব দিন। যতই সময় নষ্ট করবেন, ততই নিজেদের কলঙ্কিত করবেন।”

অর্থনীতির এই অধ‌্যাপক ভারতের উদ্দেশে বলেন, “ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। এই বন্ধুত্ব অটুট রাখতে চাইলে ভারতেরও উচিৎ এই প্রকল্প থেকে সরে দাঁড়ানো।”