২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকরা অতিরিক্ত সময় কাজ করে স্বেচ্ছায়: বিএটি

শ্রমিকদের অতিরিক্ত সময় খাটাতে পারবে বলে সরকার যে অনুমতি দিয়েছে, সেই সময়ে কাজ করতে কাউকে বাধ্য করা হয় না এবং দ্বিগুণ পারিশ্রমিক দেওয়া হয় বলে দাবি করেছে তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটিবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 09:45 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

‘শ্রমিকদের সপ্তাহে ৬০ ঘণ্টা খাটাতে পারবে বিএটিবি’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর সোমবার কোম্পানির পক্ষ থেকে পাঠানো এক ব্যাখ্যায় এই দাবি করে।

এতে বলা হয়, “বিএটি বাংলাদেশকে ৩২৪ এর উপধারা মোতাবেক এই অনুমোদন দেওয়া হয়েছে। এই অনুমোদন আইন পরিপন্থি না। বিএটি বাংলাদেশের শ্রমিকরা আইনানুসারে স্বেচ্ছায় এই অতিরিক্ত সময় কাজ করে।

“কোম্পানি কাউকে বাধ্য করে না এবং আইন মেনেই অতিরিক্ত কাজের জন্য দ্বিগুন পারিশ্রমিক প্রদান করা হয়।”

বিএটি কয়েক বছর যাবত এই সুবিধা পেয়ে আসছে উল্লেখ করে এতে বলা হয়, এবারের অব্যাহতি ধারাবাহিকতা মাত্র।

কোম্পানিটি বলছে, তাদের শ্রমিকরা ৬টি কর্মদিবসের পর ২ দিন ছুটি পান। শ্রমিকরা সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করে থাকে। শ্রমিকরা অতিরিক্ত উৎসব ছুটিও পান।

গত ২১ সেপ্টেম্বর জারি করা সরকারি ওই প্রজ্ঞাপনে শ্রমিকদের কর্মঘণ্টা সপ্তাহে ৬০ ঘণ্টা পর্যন্ত অনুমতি দেওয়ার পাশাপাশি শ্রম আইনের কয়েকটি ধারার বিধানের প্রয়োগ থেকেও শর্তসাপেক্ষে বিএটিকে ছয় মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়।

এর প্রতিক্রিয়ায় তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা বলছে, অব্যাহতি প্রদানের সময়টা মূলত তামাক চাষ ও তামাক পাতা ক্রয়-বিক্রয়ের মৌসুম। শ্রমিকদেরকে অতিরিক্ত সময় কাজ করানোর জন্যই এই অব্যাহতি আদায় করে নিয়েছে কোম্পানিটি।

তামাক পাতা ক্রয়-বিক্রয়ের মৌসুম সংক্রান্ত প্রসঙ্গে বিএটির ব্যাখ্যায় বলা হয়, বিএটির ঢাকা ফ্যাক্টরিতে উৎপাদন কার্যক্রমে মে তামাক পাতা ক্রয় বিক্রয়ের মৌসুমের কোনো প্রভাব পড়ে না।