জাপানের ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী: মতিয়া
জাপানের ব্যবসায়ীরা বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জাপানি ব্যবসায়ীদের আগ্রহকে কাজে লাগাতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।
মতিয়া বলেন, “বাংলাদেশ সরকার এই সুযোগ কাজে লাগানোর জন্য ইতোমধ্যে বিভিন্ন ধরনের কার্যকর পদক্ষেপ নিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে বিভিন্ন আলোচনা ও চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর জাপানি বিনিয়োগের জন্য একটি ‘টাস্ক ফোর্স’ গঠন করা হয়েছে। উক্ত ‘টাস্ক ফোর্স’ এর আওতায় ইতোমধ্যে তিনটি সভা হয়।”
“গাজীপুর জেলার নয়নপুর এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব বেপজা গভর্নিং বোর্ড সভায় অনুমোদিত হয়েছে। জাপানি বিনিয়োগকারীরা প্রথম পর্যায়ে বাংলাদেশে অন্তত একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে।”
মন্ত্রী জানান, দেশের শিল্পখাতের বিকাশের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সহায়ক ভূমিকা রাখে। এর অংশ হিসেবে বিনিয়োগের প্রসার ও প্রচারে তারা বিভিন্ন কার্যক্রম নেয়।
সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক জানান, স্থানীয় সরকার বিভাগ সীমানা নির্ধারণ সম্পন্ন করলেই সরকার জেলা পরিষদ নির্বাচনের প্রজ্ঞাপন জারি করবে।
তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদ শেষে চলতি বছর ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা সরকারের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার সংসদে জানান, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় দেশের ১ লাখ ১১ হাজার জন বেকার যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ৮ হাজার ৭৮২ জনের অস্থায়ী কর্মসংস্থানও হয়েছে।
দেশের ২৮টি জেলার ৬৪টি উপজেলা এই কর্মসূচির আওতায় এসেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নীতিমালা অনুযায়ী পর্যায়ক্রমে এই কর্মসূচি দেশের সব জেলা ও উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, ঢাকায় স্যুয়ারেজ সেবা বাড়ানোর লক্ষে একটি ‘মাস্টার প্ল্যান’ করা হয়েছে। আর আওতায় ঢাকার চারপাশে চারটি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
“ওই পরিকল্পনার অংশ হিসেবে দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে। পর্যায়ক্রমে বাকিগুলো বাস্তবায়ন করা হবে।”
