২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়কে সংবর্ধনা দেবে আইসিটি বিভাগ

আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 11:17 PM

Updated : 20 Aug 2022, 01:48 PM

রোববার সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ফরিদপুরের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমানের এক প্রশ্নের জবাবে পলক বলেন, “প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও তার ছেলের এই কৃতিত্ব ও সাফল্য বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে বিশাল গর্বের। তিনি তার এই সম্মান ও পুরস্কার দেশের সর্বস্তরের মানুষের জন্য উৎসর্গ করেছেন। আইসিটি বিভাগের থেকে তাকে সংবর্ধনা জানানো উচিত। অবশ্যই তাকে সংবর্ধনা জানানো হবে।”

গত ১৯ সেপ্টেম্বর নিউ উয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে ইউএন প্লাজা হোটেল মিলনায়তনে এক অনুষ্ঠানে জয়ের হাতে পুরস্কার তুলে দেন হলিউডের অভিনেতা রবার্ট ডেভি।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) গৃহীত হওয়ার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেটিকাট স্টেটের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে এ পুরস্কারের প্রবর্তন করেছে।