কবিতায় সৈয়দ হককে স্মরণ
সৈয়দ শামসুল হকের কবিতা পাঠের মধ্য দিয়ে তাকে স্মরণ করলেন একদল কবি।
আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শুরু হওয়া সপ্তাহব্যাপী সৈয়দ শামসুল হক স্মরণানুষ্ঠানে তার বিভিন্ন কবিতা পাঠ হয়।
সৈয়দ হকের ‘নূরলদীনের সারাজীবন’ নাটকের ভূমিকাপর্ব পাঠ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এর আগে স্মৃতিচারণ পর্বে তিনি বলেন, “গত মাসে যখন লন্ডনে হক ভাইকে দেখতে যাই, তখনও তাকে দেখে বুঝতে পারিনি, তিনি এতো তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন।”
সৈয়দ হকের জন্য সিল্কের পোশাক এনেও তাকে তা উপহার দিতে না পারার আক্ষেপের কথা জানান মন্ত্রী।
‘প্রিয় হক ভাইয়ের’ সঙ্গে কাটানো ‘অসম্ভব অন্তরঙ্গ মুহূর্তের’ গল্প শুনিয়ে আসাদুজ্জামান নূর বলেন, “মুহূর্তগুলো মনে পড়লে আবেগ সংবরণ করাটা কঠিন। তার নাটক যখন করেছি, কবিতা যখন পাঠ করেছি, তখন তিনি পাশে দাঁড়িয়ে ছিলেন। সে অর্থে তিনি ছিলেন আমাদের শিক্ষক, গুরু।”
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “সৈয়দ শামসুল হক কবিতায় শব্দ ভেঙেছেন, শব্দ গড়েছেন, নতুন নতুন শব্দ তৈরি করেছেন। কবিতা, গল্প-উপন্যাসের পাশাপাশি তার কাব্যনাটক এ দেশের জন্য অমূল্য সম্পদ। নাটকে তিনি নিজেদের প্রগতিশীল রাজনৈতিক চিন্তার প্রতিফলন ঘটিয়েছেন।”
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, “সৈয়দ শামসুল হক সাহিত্যের নানা বিষয়ে উত্থাপন করেছেন মানুষের সব অনুষঙ্গ। মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়েও তিনি কখনও হার মানেননি।”
রবীন্দ্রনাথের মৃত্যুর ৭৫ বছর পরেও যেভাবে তাকে স্মরণ করা হয় সৈয়দ হককেও একইভাবে তার সৃজনের মধ্য দিয়ে স্মরণের অনুরোধ রাখেন তিনি।
পরে হাসান আরিফ আবৃত্তি করেন সৈয়দ হকের ‘পরানের গহীন ভেতর’ শিরোনামের কবিতাটি।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ আবৃত্তি করেন স্বরচিত কবিতা ‘তোমার প্রেমের আলো’।
কবির নাটক ‘নূরলদীনের সারা জীবন’-এর অংশবিশেষ পাঠ করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানে ২০ জন আবৃত্তিকারের পরিবেশনায় ছিল সৈয়দ হকের কবিতা। কবির ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের পরিবেশনায় অংশ নেয় কথা আবৃত্তিচর্চা কেন্দ্র।
৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টায় এ অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত চলবে।
