২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুরা ১২ অক্টোবর

 মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১২ অক্টোবর বাংলাদেশে আশুরা পালিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 08:31 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

মুসলিমদের কাছে কারবালার স্মৃতিবিজড়িত শোকের দিনটি বাংলাদেশে সরকারি ছুটি থাকে।

এবছর হিন্দুদের দুর্গাপূজার একদিন বাদেই বাংলাদেশের মুসলিমরা আশুরা পালন করবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোববার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় আশুরার তারিখ ঘোষণা করা হয় বলে ইসলামি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, “চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে মহররম মাস গণনা শুরু হবে, আগামী ১০ মহররম ১২ অক্টোবর সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।”

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব সাইদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব আলফাজ হোসেন, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর আলম, ওয়াকফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, আবহাওয়া অধিদপ্তরের উপ- পরিচালক মো. আবদুর রহমান এই সভায় উপস্থিত ছিলেন।

আশুরা সারবিশ্বের মুসলিমরা পালন করলেও শিয়া মুসলিমরা এক্ষেত্রে অগ্রণী।

এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।