২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্রে গান্ধী-ব্রিটিশবিরোধী আন্দোলন

মহাত্মা গান্ধীর ১৪৭তম জন্মজয়ন্তি উপলক্ষে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতার জীবনের নানা সময়ের পাশাপাশি ব্রিটিশবিরোধী আন্দোলনে তার ভূমিকার চিত্র উঠে এসেছে এক আলোকচিত্র প্রদর্শনীতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 07:38 PM

Updated : 11 Oct 2022, 08:48 PM

ঢাকার বারিধারায় ভারতীয় হাই কমিশনের নতুন চ্যান্সেরি ভবনে রোববার এই প্রদর্শনীর উদ্বোধন করেন হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

প্রদর্শনীতে উঠে এসেছে মহাত্মা গান্ধীর শৈশব-কৈশোরের নানা স্মৃতি, এসেছে তার রাজনৈতিক জীবনের ইতিবৃত্ত। সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলনের নানা পর্বের কথাও উঠে এসেছে এসব আলোকচিত্রে।

ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষের মুক্তির আন্দোলনের অংশ হিসেবে তিনি ঘুরে বেড়িয়েছেন বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে। বিশ্ব নেতাদের সঙ্গে গান্ধীর সাক্ষাৎ, রাজনৈতিক সভা, সাংবাদিক সম্মেলন আর জনসভায় তার বিভিন্ন বক্তৃতার খণ্ডচিত্রের দেখা মিলেছে আলোকচিত্রে।

নেতাজী সুভাষচন্দ্র বোস, মদনলাল বসু, রাজেন্দ্র প্রসাদের সঙ্গে তার একান্ত বৈঠকের মুহূর্তগুলোও ফ্রেমবন্দি হয়ে উঠে এসেছে।

১৯৪৬ সালে হিন্দু-মুসলিম দাঙ্গায় যখন পুড়ছে পূর্ববঙ্গ, তখন ছুটে আসেন মহাত্মা গান্ধী। ট্রেনের তৃতীয় শ্রেণির কামরায় চেপে তিনি যান নোয়াখালীতে। সহযোগী-সহযোদ্ধাদের নিয়ে সেখানে শান্তি আনেন তিনি। বাংলাদেশে গান্ধীর মুহূর্তগুলোও উঠে এসেছে তিনটি আলোকচিত্রে।

চরকায় সুতা কেটে কাপড় বুনে কুমিল্লার খাদি শিল্পের সূচনা করেন মহাত্মা গান্ধী। সেই ছবিও ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। একান্ত অবসরে ছোট্ট ইন্দিরা গান্ধীর সঙ্গে তার একটি দারুণ মুহূর্তও উঠে এসেছে একটি ছবিতে।

এই প্রদর্শনী নিয়ে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, “ছবিগুলোর মাধ্যমে আমরা গান্ধীজিকে এই প্রজন্মের আরও কাছে নিয়ে যেতে চাই। তার মানবপ্রেম, রাজনৈতিক দর্শনের কথাও আমরা তুলে ধরতে চাই তাদের সামনে।”