২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন বিচারক জাবেদ

মাদক রাখার অভিযোগের মামলার পর বরখাস্ত বিচারক জাবেদ ইমাম জামিন পেয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 06:12 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

রোববার ৩০ হাজার টাকা মুচলেকায় জাবেদ ইমামকে জামিন দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন্নাহার।

জাবেদের আইনজীবী মো. শামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উচ্চ আদালতের আদেশের সাপেক্ষে তার জামিন হয়েছে।”

বিচারিক আদালতে দণ্ড হলেও হাই কোর্টে তা উল্টে যাওয়ার পর এতদিন মুক্তই ছিলেন জাবেদ।

২০১২ সালের ১ ডিসেম্বর রাজধানীর ইডেন কলেজের সামনে গাড়িতে ব্যাগভর্তি ফেনসিডিলসহ গ্রেপ্তার হন তৎকালীন সহকারী জজ জাবেদ।

পুলিশ ওই দিনই নিউ মার্কেট থানায় তার বিরুদ্ধে মামলা করে। মামলার পর তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

ওই বছর ২০ ডিসেম্বর জাবেদ ইমামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সেখানে বলা হয়, তিনি ৩৪২ বোতল নিষিদ্ধ ফেনসিডিল বহন করছিলেন।

Image
জাবেদ ইমাম (ফাইল ছবি)

জাবেদ ইমাম (ফাইল ছবি)

ওই মামলার রায়ে ২০১৩ সালের ২৭ অগাস্ট ঢাকার দ্বিতীয় মহানগর দায়রা জজ আদালত জাবেদকে চার বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করে।

ওই সাজার বিরুদ্ধে তিনি আপিল করলে ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি হাই কোর্ট নিম্ন আদালতের রায় বাতিল করে খালাস দেয়।

হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের আবেদন করলে তা গ্রহণ করে গত ৭ অগাস্ট আপিল বেঞ্চ এক সপ্তাহের মধ্যে জাবেদকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

গত ১৪ আগস্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাবেদ। তবে উচ্চ আদালতের আদেশের অনুলিপি না থাকায় ২৪ অগাস্ট শুনানির দিন রেখেছিলেন অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন্নাহার।

জাবেদের আইনজীবী শামসুজ্জামান বলেন, “দু’দিন আগে আদেশের অনুলিপি এসেছে। এ কারণেই নির্ধারিত দিনে না হয়ে আজ শুনানি হয়েছে।”

২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর শেষ করে ২০০৮ সালের মে মাসে সহকারী জজ হিসাবে চাকরি শুরু করেন জাবেদ ইমাম। তার গ্রামের বাড়ী ঝিনাইদহ সদরের আমদলিয়ায়।

পুরনো খবর:

২৪ অগাস্ট পর্যন্ত মুক্তই থাকছেন বিচারক জাবেদ