প্রীতিলতাকে স্মরণ, আদর্শ অনুসরণের আহ্বান
প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে আলোচনায় অংশ নিয়ে তরুণদের প্রতি ব্রিটিশবিরোধী আন্দোলনের এই অগ্রসেনানির আদর্শে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা।
তারা বলছেন, প্রীতিলতার আদর্শ হৃদয়ে ধারণ করে পথ চলতে পারলে এ দেশের তরুণ প্রজন্ম কখনও বিপথে যেতে পারবে না। বরং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের ‘শুদ্ধ’ মানুষে পরিণত করতে পারবে।
ব্রিটিশ শাসন-শোষণ থেকে স্বদেশের মুক্তির লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন প্রীতিলতা। কয়েকজন বিপ্লবীকে সঙ্গে নিয়ে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাবে ইংরেজদের ওপর আক্রমণ করেন তিনি।
অভিযান শেষে ফেরার সময় তার গায়ে একটি গুলি লাগে। ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় নিজের কাছে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহনন করেন তিনি।
দিবসটি উপলক্ষে শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে স্মরণ অনুষ্ঠান আয়োজন করে উদীচী। ‘এ সময়েও কেন প্রীতিলতা গুরুত্বপূর্ণ’ শিরোনামে অপর একটি আলোচনা সভা হয় সোনারগাঁও হোটেলে।
‘প্রীতিলতা’ চলচ্চিত্র নির্মাণ উপলক্ষে সোনারগাঁওয়ে এ অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে ‘বাংলার প্রীতিলতা’ (www.banglapritilota.com) নামের একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, “তিনি আমাদের ঐতিহ্য ও গৌরবের ইতিহাসের অংশ। আমাদের তরুণরা দায় বোধ থেকে প্রীতিলতাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে। এ চলচ্চিত্রে ইতিহাস ও বর্তমান বাস্তবতার মেলবন্ধন ঘটবে।”
কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, “প্রীতিলতা আমাদের অস্তিত্বের অংশ, একটি চেতনার নাম। তরুণ সমাজ ব্রত হয়েছে, সাহসী হয়েছে প্রীতিলতার আলোতে সবাইকে আলোকিত করতে। এ আলোতে আলোকিত হয়ে, আমাদের তরুণরা জঙ্গিবাদের পথ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে বলে আমি আশা করি।”
ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল বলেন, “প্রীতিলতার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো- তার সাহস। মাত্র ২১ বছর বয়সে আমাদের জন্য তিনি সাহসের শক্তির প্রতীক হয়ে আছেন। চলচ্চিত্রে তার সাহসের দিকটি যেন ফুটে ওঠে।”
‘প্রীতিলতা’ চলচ্চিত্র পরিচালনা করছেন রাশিদ পলাশ, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন গোলাম রাব্বানী। প্রযোজক হিসেবে মুহিত হাওলাদার ও নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন রঞ্জু চৌধুরী। পাণ্ডুলিপি উপদেষ্টা হিসেবে রয়েছেন সেলিনা হোসেন, মালেকা বেগম ও নাট্যকার মাতিয়া বানু শুকু। কস্টিউম ডিজাইনার হিসেবে রয়েছেন বিবি রাসেল। চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছে প্রীতিলতা ট্রাস্ট।
“আমরা মুখে মুখে প্রীতিলতার কথা বলি, কিন্তু আমাদের বুকে তো প্রীতিলতার আদর্শ ধারণ করি না। যে আদর্শ ধারণ করে ব্রিটিশবিরোধী আন্দোলনে লড়াই করেছিলেন প্রীতিলতা, কোথায় সেই আদর্শ?”
প্রীতিলতাকে নিয়ে ইতিহাস ও চলচ্চিত্রের বিভিন্ন অধ্যায়ে ‘ইতিহাস বিকৃতি’ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উদীচীর ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান বলেন, “প্রীতিলতা ওয়াদ্দেদার যে কারণে আন্দোলন করেছেন, তা আজও অর্জিত হয়নি। শোষণমুক্ত, অসাম্প্রদায়িক ভূখণ্ড প্রতিষ্ঠার বিপ্লব আজও দেখেনি আলোর মুখ।”
সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রীতিলতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ প্রজন্মকে একাট্টা হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে অনুষ্ঠানের শুরুতে ‘যখন তোমার ভাঙ্গবে ঘুম, তখন তোমার সকাল’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন, কর্ম এবং তার আত্মাহুতির ঘটনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার। প্রীতিলতার লড়াইয়ের ইতিহাস, তার আত্মত্যাগ এবং দেশপ্রেমের আখ্যানকে সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
