২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়কে অভিনন্দন বিসিএস টেলিকমের

প্রথমবারের মত প্রবর্তিত ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (টেলিকম) সমিতি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 09:55 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

বৃহস্পতিবার সমিতির সাধারণ সম্পাদক হাম্মাদ মুজিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।

এতে এই পুরস্কার প্রদান করায় প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকেও ধন্যবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্বে এবং তার সুযোগ্য সন্তান ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দূরদর্শী পরিকল্পনায় ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের সালের মধ্যে দক্ষিণ এশিয়ার উন্নত দেশে পরিণত হবে। আর এর মাধ্যমেই পূরণ হবে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণের স্বপ্ন।

সোমবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরের কাছে ইউএন প্লাজা হোটেল মিলনায়তনে এক অনুষ্ঠানে জয়ের হাতে এই পুরস্কার তুলে দেন হলিউডের অভিনেতা রবার্ট ডেভি।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) গৃহীত হওয়ার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেটিকাট স্টেটের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে এ পুরস্কারের প্রবর্তন করেছে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে সজীব ওয়াজেদ জয়কে ২০০৭ সালে ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচন করেছিল ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম। প্রথম বাংলাদেশি হিসেবে ওই সম্মান পান তিনি।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ যে সব প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়া। সরকারের এই উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখেন জয়।