খুদে শিল্পীদের রং-তুলিতে এম এম সুলতানের ফুল-পাখি
কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতানের সঙ্গে দেখা হয়নি তাদের; তার আঁকা কালজয়ী সব ছবি নিয়েও জানে না তারা। অথচ সেই খুদে শিল্পীদের রং-তুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠেছে এস এম সুলতানের ভালোলাগার ফুল-পাখি আর প্রকৃতি।
খুদে শিল্পীদের সেইসব ছবি নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘তোমার চোখে শিল্পী এস এম সুলতান’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী।
শিশুদের সাংস্কৃতিক বিকাশে কাজ করে আসা প্রতিষ্ঠান চারুপুথি চতুর্থবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করেছে।
টিভি ব্যক্তিত্ব ম হামিদ বলেন, “শহুরে শিশুরা বইয়ের পাতা কিংবা টিভিতে ছবি দেখে পাখি চিনে। অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে, সময় করে শিশুদের একদিন প্রকৃতির কাছে নিয়ে যান। তারা পাখি দেখুক, চিনুক।”
এস এম সুলতান সম্পর্কে তিনি বলেন, “এস এম সুলতান শিশুদের খুব ভালোবাসতেন। সারা জীবন ত্যাগের আদর্শে উজ্জ্বীবিত মানুষটি ভালোবাসতেন শিল্প-সংস্কৃতি আর মানুষ। তার সেই ভালোবাসার দাম কেবল ভালোবাসাতেই হয়।”
“অমর শিল্পী এস এম সুলতানের চেতনা ও মহৎ কর্মগুলোকে পরবর্তী প্রজন্মের ধারকদের উজ্জ্বীবিত করাই আমাদের এ আয়োজনের উদ্দেশ্য,” বলেন আয়োজক প্রতিষ্ঠান চারুপুথির প্রতিষ্ঠাতা পরিচালক এহসান প্রতীক।
এস এম সুলতান যে পশুপাখি ভালবাসতেন, সেটা খুদে শিল্পীদের ভালোভাবে জেনে গিয়েছে- তার প্রমাণ মিলল প্রদর্শনীর দেয়ালে।
এসব খুদে চিত্রকারদের ক্যানভাসে স্থান পেয়েছে সবুজ প্রকৃতি। কিন্তু খুদে শিল্পীদের রংতুলির ছোঁয়ায় সেসব ক্যানভাস হয়ে উঠেছে বর্ণিল।
প্রায় ২০০ চিত্রকর্ম নিয়ে শিল্পকলা একাডেমির গ্যালারি-৩ এ প্রদর্শনীর পাশাপাশি আরও রয়েছে বায়োস্কোপ, অ্যানিমেশন চলচ্চিত্র প্রদর্শন, কমিকস বইয়ের স্টল।
প্রদর্শনীটি চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে খুদে শিল্পীদের এই চিত্রকর্ম প্রদর্শনীটি।
