২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার শুরু হচ্ছে জাতীয় নাট্যোৎসব

‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ শিরোনামে ঢাকায় শুরু হচ্ছে ‘জাতীয় নাট্যোৎসব-২০১৬’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 06:15 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

শনিবার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও আতাউর রহমান।

১৮ দিনব্যাপী এই নাট্যোৎসবের আয়োজক বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল এবং বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনকে করা হয়েছে উৎসবের ভেন্যু।

উৎসব উপলক্ষে বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, উৎসবে ঢাকার বাইরের আটটি বিভাগের ২৬টি এবং শিল্পকলা একাডেমিসহ ঢাকা মহানগরের ৩২টিসহ মোট ৫৮টি নাট্যদলের নাটক মঞ্চস্থ হবে।

উদ্বোধনী সন্ধ্যায় মূল মিলনায়তনে হবিগঞ্জের জীবন সংকেত নাট্যদল পরিবেশন করবে ‘জ্যোতিসংহিতা’, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সিরাজগঞ্জের নাট্যলোক পরিবেশন করবে ‘নারী নসিমন’, মহিলা সমিতি মঞ্চে গাইবান্ধার পদক্ষেপ নাট্যদল মঞ্চায়ন করবে ‘পলোনাথ কোম্পানি’।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বলেন, “নাটক সত্যাশ্রয়ী, অসত্যের বিরুদ্ধে সত্যের দ্বন্দ্বই নাটক। নাটক অসত্যের বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহ যোগায়, অনুপ্রাণিত করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তাই এবারের উৎসবের স্লোগান – ‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’।”

গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিপথগামী হওয়ার প্রেক্ষাপটে তাদের নাটক দেখতে উৎসাহী করে তোলাও উৎসবের ‘অন্যতম লক্ষ্য’।

উৎসব উপলক্ষে নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে তারা ২০ টাকায় টিকিট করতে পারবে বলে জানান তিনি।

পাশাপাশি সারা দেশে নতুন দর্শক সৃষ্টি ও পৃ্ষ্ঠপোষক বৃদ্ধিও এই উৎসবের লক্ষ্য বলে জানান লাকী।

আয়োজকরা জানান, ঢাকার দর্শককে সারা দেশের নাট্যচর্চার সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রতি শুক্র ও শনিবার উৎসবের প্রতিটি ভেন্যুতে মঞ্চস্থ হবে ঢাকার বাইরের নাটক।

নাট্যকর্মীদের জন্য থাকছে ‘দুই বাংলার নাট্যচর্চা’ বিষয়ক কর্মশালা, পরিচালনা করবেন পশ্চিমবঙ্গের নাট্যব্যক্তিত্ব অংশুমান ভৌমিক।