রাষ্ট্রপতির সঙ্গে মরক্কোর দূতের বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন মরক্কোর রাষ্ট্রদূত মোহাম্মেদ হরুরো।
বৃহস্পতিবার বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতে বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছে।
“তিনি আশা করেন, ভবিষ্যতে মরক্কো-বাংলাদেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন খাতে সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।”
প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি সফলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। বাংলাদেশ-মরক্কোর মধ্যে বিরাজমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে এ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।”
রাষ্ট্রপতি আরও বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির বহু ক্ষেত্র রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে আবদুল হামিদ দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন বলে জানান প্রেস সচিব।
রাষ্ট্রপতি এসময় মরক্কোর রাজাকে রাষ্ট্রদূতের মাধ্যমে শুভেচ্ছা জানান।
