‘প্রাণ’ ফিরেছে শিল্পাঙ্গনে
কোরবানীর ঈদ ঘিরে দীর্ঘ ছুটির পর ফের চেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানীর শিল্পাঙ্গন।
মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হল নান্দনিক নাট্য সম্প্রদায়ের ‘নৃপতি’, স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হল পদাতিক নাট্যসংসদের ‘গহনযাত্রা’।
নাটকের কলা-কুশলী এবং শিল্পপ্রেমীদের পদচারণায় অনেকদিন পর মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি।
‘গহনযাত্রা’ নাটকটি এতোদিন শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হলেও এদিন নাটকটি মঞ্চস্থ হয় স্টুডিও থিয়েটার হলে।
সংঘাত-রক্তপাত এবং তার বিপরীতে মানবতার গল্প নিয়ে রুবাইয়াৎ আহমেদের লেখা নাটকে নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকটিতে একক অভিনয়ে রয়েছেন শামছি আরা সায়েকা।
একদিন সালমা নিজের ভেতরে নতুন কিছুর অস্তিত্ব টের পান। সেই অস্তিত্ব নিজের বর্ধিত রূপ কিংবা অপররূপে নিজেই অথবা অন্য কিছু তা নিয়ে চরিত্রটি দ্বিধাগ্রস্ত হলেও সেই অস্তিত্ব সঙ্গী হয় তার; আর ‘গহনযাত্রা’ হয়ে উঠে ‘দ্বৈত ও অদ্বৈতের আখ্যান’। ঘটনার পরিক্রমায় নিজের অন্তর্ধানের মধ্য দিয়ে সব অনাচার আর বিভেদ যেন লুপ্ত হয় পৃথিবী থেকে, সেই প্রার্থনায় নত হয় সালমা।
নাটকের শেষ অঙ্কে ‘সালমা’র কণ্ঠে ধ্বনিত হয় মানবতার জয় গান-“সবার মনে জাগ্রত হোক প্রেম। সবার সর্বান্তকরণ ভরে উঠুক শুভবোধে। সবাই সুন্দর আর নির্মল হোক।”
চলতি বছর ১২ জুলাই নাটকটির কারিগরি মঞ্চায়ন হয় শিল্পকলা একাডেমিতে।
প্রতিবাদ-প্রতিরোধের নাটক ‘নৃপতি’
শাসনযন্ত্র সব নিয়মনীতিকে তুচ্ছ করে বেপরোয়া হয়ে ওঠে, গণতন্ত্র পিষে কায়েম হয় দুঃশাসন। তবে শাসকের এই স্বৈরাচারী মনোভাবের বিপরীতে একদিন ঠিকই বিদ্রোহ করে নাগরিকরা। নান্দনিক নাট্যসম্প্রদায়ের ষোলতম প্রযোজনা ‘নৃপতি’ নাটকে উঠে এসেছে এ পটভূমি।
নাটকটিতে বিশ্বজুড়ে দুঃশাসনদের ধ্বনি উচ্চকিত হয়েছে। নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নাটকটি প্রথমবারের মতো মঞ্চে এনেছিল নান্দনিক নাট্য সম্প্রদায়।
হুমায়ূন আহমেদ রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন বদরুদ্দোজা।
তিনি বলেন, “নাটকের মাধ্যমে সমাজ জীবনের বিভিন্ন প্রতিচ্ছবি দর্শকের সামনে তুলে ধরে দর্শক মনকে আন্দোলিত করাই আমাদের লক্ষ্য।
চলতি বছর ২৮ মার্চ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ দফায় নাটকটির প্রথম মঞ্চায়ন হয়।
‘নৃপতি’ নাটকের বিভিন্ন চরিত্র মঞ্চে রূপায়ন করেন মোহাম্মদ শাহ্ আলম, আ মা ম হাসানুজ্জামান, অভীক মজুমদার, মেরী, হুমায়রা, পুলক চৌধুরী, মাহিন রহমান প্রমুখ।
ম্যুভিয়ানার চলচ্চিত্র বিষয়ক কর্মশালা
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা’। ৫ মাস মেয়াদি এই কর্মশালাটি শুরু হবে ১৫ অক্টোবর।
কর্মশালা পরিচালক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন বলেন, “স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণের প্রায়োগিক প্রশিক্ষণ প্রদান ও চলচ্চিত্র প্রদর্শন ব্যবস্থার বিকল্প কৌশল বিষয়ক ধারণাসমূহের চর্চাই এই কর্মশালার উদ্দেশ্য।”
তিনি জানান, কর্মশালাটি তিনটি পর্যায়ে বিভক্ত থাকবে। প্রথম পর্যায়ে চলচ্চিত্র নির্মাণের পূর্ব প্রস্তুতি, দ্বিতীয় পর্যায়ে চলচ্চিত্র নির্মাণ, তৃতীয় পর্যায়ে স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ ও চূড়ান্ত চলচ্চিত্র নির্মাণ পর্ব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। চূড়ান্ত চলচ্চিত্র নির্মাণ পর্বে মোট চারটি স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মিত হবে। প্রত্যেক সেশনে বিষয়-সংশ্লিষ্ট নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী থাকবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকি, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, আলোকচিত্রশিল্পী ও চিত্রগ্রাহক আনোয়ার হোসেন, অধ্যাপক ফাহমিদুল হক, চিত্রগ্রাহক মাকসুদুল বারী, সম্পাদক সাজ্জাদ জহির, অধ্যাপক ফাহমিদুল হক, নির্মাতা সামির আহমেদ, অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, শিল্পী সব্যসাচী হাজরা, প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলালসহ আরো অনেকে।
৮ অক্টোবর পর্যন্ত কর্মশালায় নিবন্ধনের সুযোগ থাকছে। বিস্তারিত তথ্যের জন্য ম্যুভিয়ানার ফেইসবুক পেইজ বা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির দপ্তরে যোগাযোগের জন্য বলা হয়েছে।
