২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের জয়ে অপলক পলক

সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়ায় তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন এই দপ্তরের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 03:48 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় পলক বলেন, “বাংলাদেশ প্রযুক্তি ক্ষেত্রে আজ বিশ্বের কাছে রোল মডেল হয়ে উঠছে। ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বীকৃতি স্বরূপ চারটি খ্যাতিমান প্রতিষ্ঠান সম্মিলিতভাবে উপদেষ্টাকে (জয়) ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত করেছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় মায়ের তথ্যপ্রযুক্তি উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ‌্য নিয়ে আওয়ামী লীগ সরকার কাজ করছে, তাতে জয়ের অগ্রণী ভূমিকার বিষয়টি আলোচিত।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) গৃহীত হওয়ার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেটিকাট স্টেটের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে জয়কে এ পুরস্কারে জন‌্য মনোনীত করে।

সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে ইউএন প্লাজা হোটেল মিলনায়তনে এক অনুষ্ঠানে জয়ের হাতে এই পুরস্কার তুলে দেন হলিউডের অভিনেতা রবার্ট ডেভি। অনুষ্ঠানে জয়ের মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন।

অনুষ্ঠানে তিনি বলেন, “তথ্য-প্রযুক্তির সামগ্রিক উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশের দরিদ্র মেহনতি মানুষ থেকে সর্বস্তরের মানুষের মধ্যে স্বয়ম্ভরতা অর্জনের যে জাগরণ সৃষ্টি হয়েছে, তার মন্ত্র এসেছে জয়ের কাছে থেকে।”

এই অর্জনের জন‌্য জয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তথ‌্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বলেন, “ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় মেন্টরের ভূমিকা পালনকারী সজীব ওয়াজেদ জয়কে তার কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদানকারী সকল প্রতিষ্ঠান ও সংস্থাকে আইসিটি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।”

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীপুত্র জয়কে ২০০৭ সালে ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচন করেছিল ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম। প্রথম বাংলাদেশি হিসেবে ওই সম্মান পান তিনি।

পুরনো খবর:

জয় আমার শিক্ষক, মা হিসেবে আমি গর্বিত: শেখ হাসিনা