মাহমুদুরের বিরুদ্ধে আরেক মামলার অভিযোগপত্র
প্রায় ছয় ডজন মামলার আসামি মাহমুদুর রহমানের বিরুদ্ধে আরও একটি মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
২০১৩ সালের ২৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হাতবোমা ছুড়ে প্রাণ ও সম্পদ বিপন্ন করার করার অভিযোগে আনা হয়েছে মামলাটিতে।
শাহবাগ থানার এসআই হারুন অর রশিদ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওই আদালতে পুলিশের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা এএসআই হেলাল উদ্দিন।
দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুরের সঙ্গে ছাত্র ও যুবদলের ২২ নেতা-কর্মীকে অভিযোগপত্রে আসামি করা হয়েছে বলে জানান তিনি। আসামির তালিকায় ২১ নম্বরে মাহমুদুরের নাম রয়েছে।
এর মধ্যে রয়েছেন ছাত্রদল নেতা রাজীব আহসান, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, যুবদল নেতা হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদল নেতা ফজলুর রহমান খোকন, রাকিবুল ইসলাম রয়েল, বজলুল করিম চৌধুরি আবেদ।
অভিযোগপত্রে মাহমুদুর সম্পর্কে বলা হয়েছে, তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত বলে তদন্তে উঠে এসেছে।
ওই হামলায় বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন ভবনের প্রবেশ পথের উল্টো দিকের রাস্তায় হাতবোমা বিস্ফোরণে সূর্যসেন হলের ছাত্র কামাল হোসেন আহত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কামাল শাহবাগ থানায় এ ঘটনায় মামলা করেন। তিনি মামলায় ছাত্রদলের তৎকালীন সভাপতি জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবসহ ৪৪ জনকে আসামি করেছিলেন।
এই মামলায় মাহমুদুরকে গ্রেপ্তার দেখিয়ে গত ১৫ ফেব্রুয়ারি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হলে কারাফটকে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।
মাহমুদুরের অন্যতম আইনজীবী বেলাল হোসেন জসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহমুদুরের বিরুদ্ধে দায়ের করা ৭০ মামলার ৬৯টিতেই তিনি জামিনে রয়েছেন।
হাই কোর্ট সজীব ওয়াজেদ জয় হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় কয়েকদিন আগে মাহমুদুরকে জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনে গত ১৮ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার জজ তা স্থগিত করে দেন।
