২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলনার নামে ‘রোবট, স্পাইং ডিভাইস’ আমদানি

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘হেলথকেয়ার রোবট, স্পাইং ডিভাইস এবং নেটওয়ার্কিং সামগ্রীর’ একটি চালান আটক হয়েছে, যেগুলো আমদানি করা হয়েছে মিথ‌্যা ঘোষণা দিয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 01:36 PM

Updated : 12 Apr 2022, 02:54 AM

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামের মেসার্স গ্লোবাল কমিউনিকেশন্স নামের একটি প্রতিষ্ঠান ‘খেলনা ও কম্পিউটার’ সামগ্রীর নাম করে চীন থেকে এসব যন্ত্রপাতি আমদানি করে।

ওই চালান খালাসের চেষ্টার সময় এয়ারফ্রেইট ইউনিটের বাইরে থেকে সেগুলো আটক করা হয় বলে জানান তিনি।

শুল্ক গোয়েন্দা বিভাগের এক ফেইসবুক পোস্টে জানানো হয়, ৩২৫ কেজি ওজনের ওই চালানে মোট ২৪টি কার্টনে এসব সামগ্রী ছিল।

এর মধ‌্যে ১৫ কেজি ওজনের একটি ‘হেলথ কেয়ার রোবট’ পাওয়া যায়, যা ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া আমদানি করা যায় না।

এছাড়া ১২০টি স্মার্ট ওয়াচ, ১০টি মিনি ডিজিটাল ও ২৫টি পেন ক্যামেরা পাওয়া গেছে, যেগুলো গোয়েন্দাগিরি এবং গোপনে যোগাযোগের কাজে ব‌্যবহৃত হয় বলে শুল্ক গোয়েন্দাদের ভাষ‌্য। 

চালানে ৬৩টি ইথারনেট সুইচ, ২৫টি এন্টিনা, ১৯টি বেইজ স্টেশনসহ বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং সামগ্রীও পাওয়া গেছে। এ ধরনের ‘নেটওয়ার্কিং ডিভাইস’ আমদানি করতে বিটিআরসির অনুমোদন প্রয়োজন হলেও এক্ষেত্রে তা নেওয়া হয়নি বলে মইনুল খান জানান।

তিনি জানান, সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।