ঢাকায় দুর্বৃত্তের ছুরিতে কলেজছাত্র আহত
রাজধানীর মালিবাগে দুর্বৃত্তের ছুরিতে এক কলেজছাত্র আহত হয়েছেন।
রোববার দুপুরে মালিবাগ লেভেল ক্রসিংয়ে ছুরিকাহত এই তরুণের নাম আলভী হাসান (১৭)।
তিনি ঢাকার উইলস লিটল স্কুল ও কলেজের এইচএসসি প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে পুলিশ জানায়।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহল্লার তরুণদের দ্বন্দ্বে কয়েকজন হাসানকে কুপিয়ে যায়। তার ডান কনুই ও বাম হাতের আঙুল জখম হয়েছে।
হাসানের বাসা বাসাবো কদমতলা সোসাইটিতে। তবে আগে মালিবাগ এলাকায় থাকত তার পরিবার।
হাসানকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই হামলার ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে পরিদর্শক আলী হোসেন জানান।
