২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পাচ্ছেন জয়

‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার উদ্যোগে অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পাচ্ছেন ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 10:46 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কয়েকটি সংস্থা ও বিজনেস স্কুলের পক্ষ থেকে তাকে এই পুরস্কার দেওয়া হবে বলে আওয়ামী লীগের ওয়েবসাইটে জানানো হয়েছে।

ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেটিকাট স্টেটের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে এই পুরস্কার দেবে।

এবারই প্রথম কাউকে এ পুরস্কার দেবেন আয়োজকরা।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) গৃহীত হওয়ার প্রথম বর্ষপূর্তি সামনে রেখে ইউএন প্লাজা মিলেনিয়াম হোটেলের একটি সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জয়ের হাতে এ পুরস্কার তুলে দেবেন অভিনেতা রবার্ট ডেভি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বাংলাদেশের কয়েকজন মন্ত্রী, রাজনীতিক, অন্যান্য দেশের প্রতিনিধি, জাতিসংঘের কর্মকর্তা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বেসরকারি খাত ও সুশীল সমাজের প্রতিনিধিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটনেও কম্পিউটার প্রকৌশল পড়েন জয়।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর করেন তিনি।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে সজীব ওয়াজেদ জয়কে ২০০৭ সালে ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচন করেছিল ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম। প্রথম বাংলাদেশি হিসেবে ওই সম্মান পান তিনি।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ যে সব প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়া। সরকারের এই উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখেন জয়।