‘বহুরূপীতে’ হামলার বিচার দাবি নাট্যজন-সংস্কৃতিকর্মীদের
কোরবানির ঈদের দিন ময়মনসিংহে বহুরূপী নাট্য সংস্থার কার্যালয়ে হামলার প্রতিবাদ জানিয়ে ঢাকায় প্রতিবাদ সমাবেশ হয়েছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাট্যজন ও সংস্কৃতিকর্মীরা।
ঈদের দিন মঙ্গলবার বিকাল ৩টার দিকে ময়মনসিংহে বহুরুপীর কার্যালয়ের গ্রিল ভেঙে ভেতরে ঢোকে একদল দুর্বৃত্ত। সব আসবাব, নথিপত্র ও গুরুত্বপূর্ণ রেকর্ড পুড়িয়ে দেয় তারা।
ওই ঘটনার প্রতিবাদ জানাতে শনিবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল ফটকের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এতে সংহতি জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ ও গণসংগীত সমন্বয় পরিষদ।
নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বলেন, “প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর এই হামলা আসলে মুক্তিযুদ্ধের চেতনা আর সার্বভৌমত্বে বিশ্বাসী বাঙালি সংস্কৃতিকর্মীদের উপর হামলা।”
অন্ধকার থেকে উঠে আসা মৌলবাদী-সাম্প্রদায়িক ও জঙ্গিবাদীদের অশুভ চক্র ক্রমেই সংস্কৃতিমনা-অসাম্প্রদায়িকদের বিপক্ষে একজোট হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
তিনি বলেন, “মানুষের মনের সব অন্ধকার দূর করে তাদের জাগরণ ঘটাতে পারবে কেবল সংস্কৃতির শক্তি। তারাই রুখে দাঁড়াবে এসব সন্ত্রাস।”
নাট্যজন মামুনুর রশীদ এ ঘটনায় সরাসরি জঙ্গিবাদকে দায়ী না করতে চান না। নাট্যকর্মীদের মধ্যেও ‘আততায়ী লুকিয়ে থাকতে পারে’ বলে মনে করেন তিনি।
“আমরা এখনও জানি না, সত্যি কারা দোষী। শুধু জঙ্গিবাদীদের দায়ী করলে বসে থাকলে চলবে না। আমাদের নিজেদের ভেতরেও কিছু শত্রু আছে। এই আততায়ীরা পেছন থেকে ছুরি চালাতে পারে। তাদের চিহ্নিত করতে হবে। আর বহুরূপীর ঘটনাটি আলাদাভাবে বিশ্লেষণ করা প্রয়োজন আছে বলে আমি মনে করি,” বলেন তিনি।
হামলাকারীদের খুঁজে বের করার দাবি জানিয়ে প্রবীণ নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান বলেন, “মঞ্চনাটক সব সময় মৌলবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে। সত্য, প্রগতি আর মানুষের কথা বলে নাটক। এই নাট্যকর্মীদের ওপর হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না।
“সংস্কৃতির ওপর হামলার ঘটনায় সংস্কৃতিবান্ধব সরকার তো কিছু করছে না।”
জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ বলেন, “গুলশানের জঙ্গি হামলার পরে সরকার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কৃতিবান্ধব শিক্ষার কথা বলছে। কিন্তু এর কোনো কার্যকারিতা তো দেখছি না।”
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রশাসনিক পর্যায়ে এখনও কিছু মানুষ গোপনে সন্ত্রাসী-জঙ্গিদের মদদ দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “সঙ্কটের মুহূর্তে সংস্কৃতিচর্চার ব্যাপারে কর্মীদের আরও বেশি সচেতন হতে হবে। তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক জাগরণ ঘটাতে হবে।”
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, “শুধু ফেইসবুকে আর গণমাধ্যমের সামনে এসে প্রতিবাদ জানালেই চলবে না। প্রতিবাদ সমাবেশ করে চুপ করে বসে থাকলে চলবে না। বৃহত্তর সাংস্কৃতিক পরিবারকে একাট্টা হয়ে সামগ্রিক লড়াইয়ের জায়গা আরও সংহত করতে হবে।”
সমাবেশে অন্যদের মধ্যে নাট্যব্যক্তিত্ব কেরামত মাওলা, ম হামিদ, ইনামুল হক, ঝুনা চৌধুরী, ফকির আলমগীর এবং বহুরূপী নাট্য সংস্থার সাবেক অভিনেতা তাপস তালুকদার বক্তব্য রাখেন।
