২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রিকশাচালককে গুলি: বাদীর অনাপত্তিতে যুবলীগ নেতার জামিন

রাজধানীর বনানীতে রিকশাচালককে গুলি চালানোর মামলার আসামি যুবলীগ নেতা ইউসুফ সরদার সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইলেও পায়নি পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 04:09 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

মামলার বাদী ওই রিকশাচালকের অনাপত্তিতে শনিবার ঢাকার হাকিম আদালত সরকার সমর্থক এই সংগঠনটির নেতাকে জামিন দিয়েছে।

সোহেল মাতাল অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মহাখালীর কাছে বনানীর ২ নম্বর সড়কে রিকশাচালক কবির উদ্দিনের পায়ে গুলি চালান বলে গণমাধ‌্যমে খবর আসে।

ওই ঘটনায় রিকশাচালক কবির হত‌্যাচেষ্টার মামলায় হামলাকারীর নাম জানাতে না পারলেও চেহারার বর্ণনা দেন। সেই বর্ণনার সূত্র ধরে শুক্রবার দুপুরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বনানী থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহেল গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন। তবে এই ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ বলছেন তিনি।

সোহেলকে শুক্রবার গ্রেপ্তারের পর শনিবার তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন‌্য পাঁচ দিন হেফাজতে চেয়ে আবেদন করেন বনানী থানার এসআই রিপন কুমার।

রিমান্ড আবেদনে বলা হয়,  রিকশাচালককে গুলি করার আসল রহস্য, আসামির নাম-ঠিকানা-পরিচয় আরও নিশ্চিত হওয়ার জন্য তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।

অন‌্যদিকে পুলিশ রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন সোহেলের কৌঁসুলিরা।

রিকশাচালক কবির আদালতে দাঁড়িয়ে বলেন, আসামির জামিনের ক্ষেত্রে তার কোনো আপত্তি নেই।

Image
মুখ্য. মহানগর হাকিম আদালত

মুখ্য. মহানগর হাকিম আদালত

এরপর ঢাকার মহানগর হাকিম গোলাম নবী রিমান্ডের আবেদন নাকচ করে সোহেলকে জামিনের আদেশ দেন বলে এ আদালত পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা এস আই ফরিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

এজলাসে দাঁড়িয়ে আসামির পক্ষে বাদীর কথা বলা নিয়ে আদালত পাড়ায় ব‌্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। এতে অর্থ লেনদেনের বিষয় থাকতে পারে বলে কারও কারও সন্দেহ।

কবির বলছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার ভাড়া নিয়ে বিতণ্ডার এক পর্যায়ে তাকে গুলি করেন তার রিকশার দুই আরোহীর একজন। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

এদিকে ঘটনার পর সোহেল একে ছিনতাইয়ের ঘটনা সাজাতে চেষ্টা চালিয়েছিলেন বলে গণমাধ‌্যমে খবর আসে।