মতিঝিলে গুলিতে আহত যুবলীগকর্মীর মৃত্যু
রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে দুর্বৃত্তদের গুলিতে আহত যুবলীগের এক কর্মী মারা গেছেন।
শুক্রবার রাত ১১টার দিকে এজিবি কলোনির ‘আইডিয়াল জোন’ তাদের উপর হামলা হয় বলে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রাব্বানী জানান।
থানার এসআই মুনিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পর ভোররাতে রিজভী হাসান বাবু (৩৪) নামে একজনের মৃত্যু ঘটে।
আহত অন্যজন আহসানুল হক ইমন (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন।
দুজনকেই প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে বাবুকে অ্যাপোলোতে নেওয়া হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবুর মুখের ডান পাশে গুলি লেগেছিল। ইমনের ডান হাত এবং পাজরের বাঁ দিকে গুলি লাগে। তার মাথায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে।
প্রতীকী ছবি
আহতদের হাসপাতালে নিয়ে আসা একজনের বরাত দিয়ে এসআই সেন্টু বলেন, “এরা একটি ক্লাবে বসে ছিল। কয়েকজন সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি করে চলে যায়।”
মহানগর দক্ষিণ যুবলীগের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি মারুফ রেজা সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিরক, মিলন ও তুষারসহ কয়েকজন এই হামলা চালিয়েছে।
হামলাকারীদের খোঁজা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা রাব্বানী জানিয়েছেন।
