২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির আমেজ কাটেনি অফিস পাড়ায়

কোরবানির ঈদের অবকাশে টানা ছয় দিন পর অফিস আদালত খুললেও ছুটির আমেজ কাটেনি। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2016, 02:38 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে যারা গ্রামে গেছেন, তাদের অনেকেই এখনও ঢাকায় ফেরেননি। আর ছুটি শেষে যারা বৃহস্পতিবার অফিস করেছেন, তাদেরও দিনের প্রথম ভাগ কেটেছে ঈদের কোলাকুলি ও কুশল বিনিময় করে।

প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের বিভিন্ন দপ্তর এদিন যথা নিয়মে সকাল ৯টায় খুলেছে। তবে ছুটির পর প্রথম কর্মদিবসে উপস্থিতির হার ছিল তুলনামূলকভাবে কম।

সকাল ১১টার দিকে সচিবালয়ে ঘুরে অধিকাংশ কক্ষই ফাঁকা দেখা গেছে। অধিকাংশ দপ্তরের সচিব এদিন কার্যালয়ে ফিরে কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করছেন।

ঈদের আগে সরকার নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করায় এবার ৯ থেকে ১৪ সেপ্টেম্বর টানা ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এরপরও অনেকেই বৃহস্পতিবার এক দিনের ছুটি নিয়েছেন, ফলে তাদের অফিস শুরু হবে রোববার থেকে।

মূলত এ কারণেই ছুটির পর প্রথম দিন সচিবালয়ে উপস্থিতি কম বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। তারা বলছেন, বৃহস্পতিবার উপস্থিতির হার ছিল ৫০ শতাংশেরও কম।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বেসমারিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ঈদের পর প্রথম দিন অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “এবার যাতায়াতের বিড়াম্বনা কম ছিল। রাস্তাঘাটের উন্নতি হয়েছে। তাই ঈদ উপলক্ষে সবাই যার যার গন্তব্যে যেতে পেরেছেন। একজন ব্যবসায়ী আমাকে বলেছেন, এবার ঈদে ব্যবসা চার বছর আগের তুলনায় চার গুণ বেড়েছে।”

নাহিদ বলেন, “আজ অনেকে ঐচ্ছিক ছুটি নিতে পারেন। যারা ছুটি নিয়েছেন তারা তিনদিন বাড়তি ছুটি কাটাতে পারছেন।”

বেসমারিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন নিজের দপ্তরে সাংবাদিকদের বলেন, “এবার ঈদে পর্যটন খুবই বাড়ন্ত। পর্যটন স্পটগুলোতে আমরা পর্যটকদের জায়গা দিতে পারিনি। আমাদের অবকাঠামো আরও বৃদ্ধি করতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। ঈদের ছুটিতে কিছু লোক বাংলাদেশ থেকে বিদেশেও গেছে।”

বৃহস্পতিবার অনেকেই ছুটি নেওয়ায় উপস্থিতি কম জানিয়ে মেনন বলেন, “আশা করা যায় আগামী রোববার থেকে পুরোদমে অফিস শুরু হবে।”

কর্মকর্তারা জানান, এবার অধিকাংশ মন্ত্রী-প্রতিমন্ত্রী ঈদ করেছেন নিজের নির্বাচনী এলাকায়। দুপুরের পর তারা অফিসে আসতে পারেন।

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে দর্শনার্থীদের অভ্যর্থনা কক্ষেও তেমন ভিড় দেখা যায়নি।

বৃহস্পতিবার পুরান ঢাকার আদালত পাড়ার চিত্রও মোটামুটি একই রকম ছিল। বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থীদের উপস্থিতি ছিল হাতেগোনা।

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এদিন সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের রায় ফাঁসের মামলার রায় ঘোষণা করেন। মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লাও এজলাসে বসেছেন।

তবে জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান ছুটিতে রয়েছেন, তার মামলার দায়িত্বে রয়েছেন অন্য একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ।

মুখ্য মহানগর হাকিম ও মুখ্য বিচারিক হাকিম আদালতের অনেক বিচারক এখনও ছুটি থেকে ফেরেননি বলে কর্মচারীরা জানান।