২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণে হার্ভার্ড কেনেডি স্কুলের সঙ্গে সমঝোতা

বাংলাদেশ সিভিল সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভাড কেনেডি স্কুলের একটি সমঝোতা চুক্তি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2016, 12:21 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

যুক্তরাষ্ট্রের হার্ভাড কেনেডি স্কুলে স্থানীয় সময় মঙ্গলবার এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও হার্ভার্ড কেনেডি স্কুলের সিনিয়র অ্যাসোসিয়েট ডিন ডেবরা ইলস।

বুধবার মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তির আওতায় ২০১৬-২০১৭ অর্থবছরে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা হার্ভার্ড কেনেডি স্কুলে প্রশিক্ষণের সুযোগ পাবেন।

এতে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, উচ্চ শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনা উন্মুক্ত হবে বলে আশা করছে সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ ও সেবামুখি জনপ্রশাসন গড়ে তোলার জন্য সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের উপর বিশেষ জোর দিয়েছেন।

তারই ধারাবাহিকতায় গত বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু করে।

এ প্রেক্ষাপটেই হার্ভার্ড কেনেডি স্কুলের সাথে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানানো হয়।

এতে আরও জানানো হয়, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রতিনিধিদল হার্ভার্ড কেনেডি স্কুলের একাডেমিক ডিন আরচন ফুং, প্রফেসর জে কে রোজেনবাগ ও প্রফেসর হাগ ও দোহারিতির সঙ্গে আলোচনা করেন।

আলোচনায় বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের জন্য চাহিদাভিত্তিক প্রশিক্ষণের আয়োজন, প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন এবং প্রশিক্ষণ কারিকুলাম উন্নয়নের বিষয় গুরুত্ব পায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল মো. শামীম আহসান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল হামিদ, হার্ভার্ড কেনেডি স্কুলের সিনিয়র ডাইরেক্টর, প্রোগ্রাম ডেভেলপমেন্ট বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকরাসহ হার্ভার্ড কেনেডি স্কুলের কয়েকজন অনুষদ সদস্য উপস্থিত ছিলেন।