ঈদ জামাতে জায়নামাজের বাইরে কিছু না আনার অনুরোধ
শোলাকিয়ায় ঈদগাঁহের প্রবেশ পথে জঙ্গি হামলার পরের এই ঈদে জামাতে অংশ নিতে মুসল্লিদের জায়নামাজের বাইরে অন্য কিছু না আনার অনুরোধ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।
জাতীয় ঈদগাঁহের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রোববার এক সংবা্দ সম্মেলনে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এ আহ্বান জানান।
শোলাকিয়া ও গুলশান হামলার কথা মাথায় রেখে এবার ঈদগাঁহে প্রবেশে পর্যাপ্ত তল্লাশির ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন তিনি।
মুসল্লিদের উদ্দেশে বেনজীর বলেন, “জায়নামাজ ছাড়া অন্য কিছু না নিয়ে নামাজ আদায় করতে আসার অনুরোধ করা হচ্ছে। অন্য কিছু নিয়ে আসলে ঈদগাঁহে ঢুকতে সময় লাগবে। স্ক্যান করতে দেরি হবে।”
গত ১ জুলাই গুলশানের একটি ক্যাফেতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। এর পর সপ্তাহ না হতেই রোজার ঈদের সকালে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত শোলাকিয়ার একটি প্রবেশ পথে পুলিশের তল্লাশি চৌকিতে ফের হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন। পরে পুলিশের গুলিতে এক জঙ্গি এবং গোলাগুলির মধ্যে পড়ে এক গৃহবধূ মারা যান।
এসব হামলার কথা মাথায় রেখে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সব সময় সতর্ক থাকবে বলে জানান র্যাব মহাপরিচালক।
এদিকে দুপুরে বাড্ডার আফতাবনগরে কোরবানির পশুর হাট পরিদর্শন করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জঙ্গিরা যেন মাথাচাড়া দিতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
আগেরদিন আজিমপুরে পুলিশের অভিযানে এক ‘জঙ্গি’ নিহত ও তিন নারী আহত অবস্থায় আটক হন।
এ ঘটনার প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জঙ্গি নিয়ন্ত্রণে গোয়েন্দা বাহিনী ও নিরাপত্তা বাহিনী কাজ করছে। তারা যেন মাথাচাড়া দিতে না পারে এজন্য তারা কাজ করছে। তা্রই একটা উদযোগ আপনারা এরই মধ্যে দেখেছেন।”
