কারখানায় বিস্ফোরণ: দিশেহারা আহতদের স্বজনরা
গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে আহত হয়ে হাসপাতালে শয্যা নিয়েছেন পরিবারের একমাত্র উপাজনক্ষম ব্যক্তি, তার চিকিৎসার অর্থ কীভাবে যোগাবেন সে প্রশ্নের মীমাংসায় এখন হিমশিম খাচ্ছেন স্বজনরা।
শনিবার সকালে টঙ্গী বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস নামের ওই প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে পাঁচতলা কারখানা ভবনের কাঠামোও ধসে পড়ে। আগুনে দগ্ধ হয়ে এবং ভেঙে পড়া কাঠামোর নিচে চাপা পড়ে মৃত্যু হয় ২৪ জনের।
আহত অন্তত ৩৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গী সরকারি হাসপাতাল ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় শরীরের ৯০ ভাগ পোড়া নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন প্রতিষ্ঠানটির প্রিন্টিং অপারেটর রিপন দাস (৩০)।
ছয় মাস আগে সংসার শুরু করা রিপনের স্ত্রী মুক্তা রানী দাসকে বিকালে বার্ন ইউনিটের দ্বিতীয় আইসিইউয়ের সামনে বসে চোখ মুছতে দেখা যায়। মা শিখা রানী পাশে বসে মেয়েকে সান্ত্বনা দিচ্ছিলেন।
এ ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দুই লাখ টাকা এবং গাজীপুর জেলা প্রশাসন ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে আহতদের ১০ হাজার টাকা করে দিবে জেলা প্রশাসন।
রিপনই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জানিয়ে তার সহকর্মী পবিত্র সরকার বলেন, রিপনের বাবা মারা গেছেন। বাগেরহাটের গ্রামের বাড়িতে মা শোভা রানী থাকেন। সেখানেও তাকে টাকা দিতে হয়।
রিপনের এই অবস্থা হওয়ায় পরিবারটির সবার মধ্যে চরম অনিশ্চয়তা কাজ করছে বলে জানান তিনি।
গীতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টায় কারখানায় ডিউটি থাকায় বাসা থেকে সাইকেল নিয়ে বের হয়েছিলেন দীলিপ। স্বামী দগ্ধ হওয়ার খবর পাওয়ার পর থেকে কোনোভাবেই স্থির থাকতে পারছেন না।
দীপ্ত নামের ১০ বছরের ছেলে ও দিপীকা নামে পাঁচ বছরের মেয়ে আছে তাদের।
“উনার কিছু হলে আমরা কই যাব, কী করব বুঝে উঠতে পারছি না। তাছাড়া উনার চিকিৎসা করানোর মতো টাকাও নাই। কেউ সাহায্য করলে হয়ত উনি ভালোভাবে বাঁচতে পারবেন।”
এ ঘটনায় মেরুদণ্ডে আঘাত নিয়ে ঢাকা মেডিকেলের ‘ক্যাজুয়ালটি’ বিভাগে চিকিৎসা নিচ্ছেন বাগেরহাটের জাকির হোসেন (৪৫), সহকারী অপারেটর হিসেবে কারখানায় কর্মরত তিনি।
“ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। গ্রামের বাড়িতে পরিবার। ছোট ভাইয়ের পরিবারের সদস্যরা দেখতে এসেছেন। রাতে হাসপাতালে কে থাকবেন সেটাও জানি না,” কাঁদতে কাঁদতে বলেন তিনি।
ঘটনার বর্ণনায় তিনি বলেন, “সকাল ৬টার সময় কারখানায় দ্বিতীয় শিফটের লোকজন প্রবেশ করেছিল। সেখানে প্রায় শতাধিক মানুষ ছিল।
“হঠাৎ করে বয়লার বিস্ফোরণ হলে চারদিক থেকে চিৎকার চেচামেচি শুরু হয়। ভবনটির দেয়াল ধসে পড়ছিল। মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে।”
নিচতলায় বয়লার বিস্ফোরণের পর পাঁচতলা ওই কারখানা ভবনের পুরোটায় আগুন ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।
কারখানার মালিক সিলেটের সাবেক বিএনপি সাংসদ সৈয়দ মো. মকবুল হোসেন জানান, ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত তার এই কারখানায় সাড়ে চারশর মতো শ্রমিক রয়েছে। সবার ঈদের বোনাসসহ বেতন-ভাতা কয়েকদিন আগেই পরিশোধ করা হয়েছিল। শনিবারই তাদের ঈদের ছুটিতে যাওয়ার কথা ছিল।
