২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে নীরা কাদরীর সাক্ষাৎ

সদ্যপ্রয়াত কবি শহীদ কাদরীর স্ত্রী নীরা কাদরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 11:05 PM

Updated : 12 Apr 2022, 02:51 AM

শুক্রবার সন্ধ্যায় গণভবনে এ সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রয়াত কবির স্ত্রী নীরা কাদরী বলেছেন, শহীদ কাদরীর অন্তিম ইচ্ছা ছিল বাংলাদেশে ফিরে আসার।

“মৃত্যুর পর কবিকে ব্যক্তিগত উদ্যোগে দেশে ফিরিয়ে আনা এবং বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের ব্যবস্থা করায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।”

গত ২৮ অগাস্ট নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান ৭৪ বছর বয়সী শহীদ কাদরী। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে তাকে দেশে এনে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

কলকাতায় জম্ম নেওয়া শহীদ কাদরী সাতচল্লিশে দেশভাগের পর বাংলাদেশে আসেন। ১৯৭৮ সালের পর থেকেই বাংলাদেশের বাইরে ছিলেন তিনি। জার্মানি, ইংল্যান্ড হয়ে ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন শহীদ কাদরী।

শাকিল বলেন, “নীরা কাদরী আরও বলেছেন, শহীদ কাদরী দেশকে এতোটাই ভালোবাসতেন যে, তিনি কখনই বাংলাদেশের পাসপোর্ট পরিত্যাগ করে মার্কিন নাগরিকত্ব গ্রহণে রাজি ছিলেন না।

“এসময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা ও বাংলা সাহিত্যের ছাত্রী হিসাবে আমাদের কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও ক্রীড়াবিদদের প্রতি সম্মান জানানো আমার দায়িত্ব। আমি সে দায়িত্ব পালন করেছি।”

এসময় বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নুল আবেদিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফখরুল আলম উপস্থিত ছিলেন।

এদিন সন্ধ্যায় অসুস্থ লেখক সৈয়দ শামসুল হককে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী।

ক্যান্সার চিকিৎসায় তিন মাস যুক্তরাজ্যে কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন সব্যসাচী লেখক সৈয়দ হক। বর্তমানে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।